নরসিংদীতে সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
<![CDATA[
নরসিংদীর রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই গ্রামের আলীপুর এলাকার মৃত মো. তাল মিয়ার ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে ফেরি করে বিক্রি করেন। সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করার সময় ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।
আরও পড়ুন: গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিন
আহমদ আলী জানান, গ্যাস সিলিন্ডারটি ঘরের এক কোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য তাতে কেমিকেলও দেয়া ছিল। সকালে হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
এ বিষয়ে এএসপি (রায়পুরা সার্কেল) সত্যজিত কুমার ঘোষ জানান, নিহতের পরিবারের সদস্যরা বলছেন, এটি নিছক একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
]]>




