নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
<![CDATA[
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে শিশু হত্যার ঘটনায় নাজিম উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। রায়ের সময় নাজিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। এ মামলায় আদালত ইলিয়াছ ও শাহ আলম নামে দুজনকে বেকসুর খালাস দিয়েছেন।
আরও পড়ুন: মাকে পাঁচ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জ উপজেলার বিরাব বাজার এলাকার ১০ বয়সী এক শিশু জামা আনতে দর্জির দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন বিকেলে একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত একজনের মৃত্যুদণ্ড ও দুজনকে খালাস দেন।
মামলার বাদী নিহতের মা রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তিনি ন্যায়বিচার পাননি। আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।
]]>




