নির্বাচন নিয়ে ৩ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর বৈঠক
<![CDATA[
মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বাচন আয়োজনের বিষয়ে তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে দেশটির জান্তা বাহিনী। এক সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত এক সংবাদমাধ্যম জানায়, রাজধানী নেপিদোতে স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), ইউনাইটেড ওয়া স্টেট পার্টি (ইউডব্লিউএসপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির কর্মকর্তাদের সঙ্গে জান্তা বাহিনী তিন দিন ধরে আলোচনা চালাচ্ছে। এই তিন সশস্ত্র গোষ্ঠী জান্তা বাহিনীকে ক্ষমতা থেকে সরাতে চেষ্টা চালাচ্ছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের সশস্ত্র গোষ্ঠী এসএসপিপির এক মুখপাত্র বলেন, সামরিক বাহিনী আমাদের এলাকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলেছে।’ তারা নির্বাচনের বিরোধিতা করবেন না বলে জানিয়েছেন।
বুধবার মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতার সময় দেশটির সামরিক নেতা জেনারেল মিন অং হ্লাইং নির্বাচন আয়োজনের পরিকল্পনার ইঙ্গিত দেন। যদিও এটি কখন অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আরও পড়ুন: মিয়ানমার ৭০১২ বন্দিকে মুক্তি দিয়েছে
২০২০ সালের নভেম্বরের নির্বাচনের সময় ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। ওই নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি ব্যাপকভাবে জয়লাভ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন, ভোট মূলত অবাধ ও সুষ্ঠু ছিল।
অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সংঘর্ষ অব্যাহত রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে বিভিন্ন গোষ্ঠীর প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।
]]>




