নেইমারকে নিয়ে মুখ খুললেন তার বাবা
<![CDATA[
ইনজুরির কারণে নেইমারের বিশ্বকাপ শেষ বলে মনে করছেন ব্রাজিলে গণমাধ্যমকর্মীরা। যদিও দলের পক্ষ থেকে আশার বাণী শোনানো হয়েছে। তবও গুঞ্জণ থেমে নেই। এবার ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে মুখ খুললেন তার বাবা নেইমার সিনিয়র।
সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ে গ্রুপপর্ব থেকে ছিটকে গেছেন ব্রাজিল দলের পোস্টারবয় নেইমার। ব্রাজিল দলের সহকারী কোচ ক্লেবার হ্যাভিয়ের জানিয়েছেন, শেষ ষোলোতে তারা নেইমারকে পাওয়ার আশা করছে।
কিন্তু ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, নেইমারের ইনজুরির আপডেট নিয়ে দলের মধ্যে লুকোচুরি চলছে। তাতে স্পষ্ট ইঙ্গিত আছে নেইমারের ছিটকে যাওয়ার।
শোনা যাচ্ছে, নেইমারের লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তার হাঁটু ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা কমছে না। যদি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়, তবে তা থেকে সেরে উঠতে ৩ সপ্তাহ লাগবে। তেমনটা হলে শেষ ষোলো তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কি না, কেউই নিশ্চিত নন।
আরও পড়ুন: বিশ্বকাপ শেষ নেইমারের?
চারদিকে নেইমারকে নিয়ে যতই নেতিবাচক খবর থাকুক, আশা ছাড়ছেন না নেইমার সিনিয়র। পিএসজি তারকার বাবা জানিয়েছেন, এই বিশ্বকাপে আবার দেখা যাবে তার ছেলেকে।
এক সংবাদমাধ্যমকে নেইমার সিনিয়র বলেছেন, ‘এই বিশ্বকাপে আবার সেরা ছন্দে ফিরতে পারে নেইমার। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগেও আহত হয়ে সে নিজের সেরা ছন্দে ফিরে এসেছে। এবারও আসবে। আমি তার বাবা বলে এটা বলছি না। নিঃসন্দেহে ছেলেকে আমি ভালোবাসি। কিন্তু আমি তার ক্ষমতা সম্পর্কে জানি। ব্রাজিলের গোটা দলও জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ। মাঠে তার প্রভাব সতীর্থদের মধ্যে আলাদা করে শক্তি এনে দেয়। নেইমার মাঠে থাকলে ব্রাজিলের চেহারা বদলে যায়। কারণ নেমারই সেরা।’
আরও পড়ুন: ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কী বলছে?
তিনি আরও বলেন, ‘দলে নেইমারের গুরুত্ব কতটা সেটা সবাই জানে। আশা করি, দল ফাইনালে উঠলে নেইমারকে পাওয়া যাবে। সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে নেইমার দলকে ট্রফি জেতাবে। একসঙ্গে ট্রফি জিতবে।’
]]>




