পশ্চিমাদের ধোঁকায় ইউক্রেন সংকট জটিল হচ্ছে: পুতিন
<![CDATA[
পশ্চিমারা ধোঁকা দেয়ায় ইউক্রেন সংকট দিন দিন জটিল হচ্ছে এবং তা নিরসন সহজ হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘রাশিয়া হয়তো ভবিষ্যতে ইউক্রেন সংকট নিরসনে কোনো চুক্তিতে পৌঁছাবে। তবে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে আস্থা না থাকায় তা খুব একটা সহজ হবে না।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের এক মন্তব্যের জেরে পুতিন কিরগিজস্তানে এক সম্মেলনে শুক্রবার (৯ ডিসেম্বর) এ মন্তব্য করেন।
সম্প্রতি জার্মানির জেইত ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মেরকেল মন্তব্য করেছিলেন, ‘২০১৪ সালে মিনস্ক চুক্তি করা হয়েছিল মূলত ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য কিছুটা সময় দেয়ার উদ্দেশ্যে।’
মেরকেলের এমন মন্তব্যের জবাবে পুতিন বলেন, ‘২০১৪-১৫ সালে জার্মানি ও ফ্রান্স মিলে বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেন এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছিল। আর তারাই এখন ইউক্রেনকে অস্ত্র দিয়ে উসকে দিচ্ছে।’
আরও পড়ুন: পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ বললেন রাশিয়ান নোবেল জয়ী
মেরকেলের মন্তব্যের প্রতিক্রিয়ায় পুতিন আরও বলেন, ‘মিনস্ক চুক্তি নিয়ে অ্যাঙ্গেলা মেরকেলের মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং হতাশাজনক। রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে এখন কোনো বিশ্বাস নেই বললেই চলে। তারা আমাদের ধোঁকা দিয়েছে।’
পুতিনের দাবি, মেরকেলের মন্তব্যের মূল কথা হলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা।
তবে রুশ প্রেসিডেন্টের আশা, জার্মান সরকার ইউক্রেনকে সহায়তা করলেও, নীতির ভিত্তিতেই মিনস্ক চুক্তি কার্যকর করার উপায় খুঁজবে তারা।
]]>




