পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ভারতের দিকে দৃষ্টি সাবিনাদের
<![CDATA[
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলার মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী খেলায় জয় পেয়েছে মেয়েরা। ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি কোচ গোলাম রাব্বানী ছোটন। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতকে রুখে দেয়ার প্রত্যয় ছোটন বাহিনীর।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করে এখন পর্যন্ত অপরাজিত বাংলার মেয়েরা। ফলস্বরূপ এক ম্যাচ হাতে রেখেই আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে ছোটন শিষ্যরা।
দলের নির্ভরযোগ্য অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানের বিপক্ষে বড় জয় লাল-সবুজের প্রতিনিধিদের। ছোটখাট কিছু ভুল হলেও মালদ্বীপও পাত্তা পায়নি প্রথম ম্যাচে। সব মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দলটা এখন আরো পরিণত।
আরও পড়ুন:পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘চেষ্টা করেছি মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার। লক্ষ্য থাকবে, যেভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলে যাচ্ছি, সেভাবেই খেলে যাওয়ার। আশা করি, টুর্নামেন্টে ভালো খেলে একটা পর্যায়ে এবার যাওয়ার।’
ম্যাচের শুরু থেকেই একই ছন্দে থাকায় এই ম্যাচে জয় পেয়েছে বাংলার মেয়েরা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি কোচ গোলাম রাব্বানী ছোটন। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলায় বড় ব্যবধানে জয়ে পাওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন কোচ গোলাম রাব্বানী ছোটন।
আরও পড়ুন:পাকিস্তানকে এক হালি দিয়ে বিরতিতে বাংলাদেশ
তিনি বলেন, ‘মেয়েদের পারফরম্যান্সে আমি তো খুবই খুশি। সবচেয়ে ভালো দিক হলো যে, তারা প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত একই ছন্দে খেলতে থাকে। পাঁচটা খেলোয়াড় বদল হয়েছে ম্যাচের মধ্যে। বদলি হওয়ার পরও টিমের ইন্টেনসিটি কমেনি, একই ছিলো। আর সবচেয়ে বড় কথা আমাদের প্ল্যানের মধ্যেই ছিল খেলা। এখন আমাদের লক্ষ্য দ্রুত রিকভারি করা। এই মুহূর্তে ভালো দিক হলো যে, আমাদের মেয়েরা বেশ দ্রুত উন্নতি করছে।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানেও জয়ের ধারাবাহিকতা রাখার লক্ষ্য লাল-সবুজদের।
]]>




