পুলিশকে ধন্যবাদ দিলেন আমান
<![CDATA[
নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বিএনপির এই নেতা বলেন, বিক্ষোভ সমাবেশে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য পুলিশ সদস্যসহ ডিসি ও ওসিকে ধন্যবাদ জানাই।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
পুলিশ যদি নিরপেক্ষ থাকে, তবে এ ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হয় বলে উল্লেখ করেন আমান উল্লাহ আমান। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান জানাই, এ ভূমিকা আপনারা অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ, শেখ হাসিনার ক্ষমতা থাকবে না। খালেদা জিয়া ক্ষমতায় আসবেন। তারেক রহমান দেশে ফিরবেন।’
আরও পড়ুন: ‘আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ১৯৯১ সালে বিপুল ভোটে বেগম খালেদা জিয়া জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে ১৯৯৬ সালে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন ৩টি সিটে। এর মধ্যে দুইটায় হেরেছিলেন। আর খালেদা জিয়া ৫টার মধ্যে ৫টাতেই জিতেছিলেন। আজ সেই বেগম খালেদা জিয়া জেলে। শুধু খালেদা জিয়াই নন, বিএনপির অনেক নেতাকর্মীই জেলে রয়েছেন। কিন্তু কিছু দিন পর আর এই জেল থাকবে না। বিএনপি ক্ষমতায় আসবে। আর শেখ হাসিনাকে জেলে যেতে হবে। আর এখন যারা জেলে আছেন, তারা বের হয়ে আসবেন।’
আরও পড়ুন: বিএনপি বিদেশিদের কাছে মিথ্যা গুমের তথ্য দেয়: কামরুল ইসলাম
আমান উল্লাহ বলেন, তত্ত্বাবধায়ক না থাকলে ভোট চুরি হয়। এ চুরি আর করতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ফয়সালা হয়েছিল রাজপথে। অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম গণতন্ত্র। সেই গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ দেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের নেতাকর্মীদের মুক্ত করার জন্য রাজপথে আবার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফয়সালা হবে।’
]]>




