পেলের মৃত্যুতে আবেগঘন পোস্ট রোনালদোর
<![CDATA[
ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সমবেদনা এবং ভালোবাসা আছড়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে পৃথিবী ছাড়লেন ফুটবলের রাজা পেলে। ব্রাজিল কিংবদন্তির মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর থেকে চলছে শোক বার্তা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন রোনালদো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অ্যারান্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারের জন্য। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ করা যায় না। লাখো মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। অতীত বর্তমান এবং সর্বকালীন ক্ষেত্রেই তিনি দৃষ্টান্ত।’
আরও পড়ুন: পেলের মৃত্যুতে ফেসবুকে কী লিখলেন মেসি
রোনালদো আরও লেখেন, ‘যে ভালোবাসা তুমি আমায় দিয়েছ, সেটা আমার জীবনে ফুটে উঠেছে প্রতিটি মুহূর্তেই। তিনি কখনো বিস্মৃত হবেন না। তিনি অবিস্মরণীয় এবং তার স্মৃতি চিরকাল আমাদের ফুটবলপ্রেমীদের মধ্যে থেকে যাবে। শান্তিতে ঘুমান, সম্রাট পেলে।’
কোটি ভক্তকে কাঁদিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ক্যানসার ছাড়াও কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন ফুটবলের কালো মানিক।
১৯৫৮ সালে ১৭ বছরের পেলে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই বনে যান নায়ক। সাইড স্ট্রেইন ইনজুরির জন্য পেলের বিশ্বকাপের দলে থাকা নিয়েই ছিল সন্দেহ। শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে যাওয়া হয় পেলের। সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে প্রথমবার মাঠে নামেন তিনি। আর নেমেই গড়েন সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড। সে ম্যাচে ভাভার গোলে সহায়তা করেন তিনি। এরপর সেমিফাইনালে পেলে নিজের জাত চেনান ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে। এখনো পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ডটি তারই।
আরও পড়ুন: ফুটবলের রাজা পেলের ১০টি অজানা তথ্য
তিনি পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। বিশ্বের আর কোনো ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।
]]>




