প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন: পলক
<![CDATA[
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সুরক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে। আইন প্রণয়ন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি এবং তাদের চলাচলে র্যামের ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তারা আজ সুরক্ষিত।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাসভবনে উপজেলার ১০০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ব্যক্তি উদ্যোগে হুইলচেয়ার বিতরণের সময় তিনি এসব বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার অংশগ্রহণে বৈষম্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। অতীতে পরিবার ও সমাজে প্রতিবন্ধীদের বোঝা মনে করা হতো। এ অবস্থা থেকে উত্তরণে মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। প্রতিবন্ধী সুরক্ষা আইন, ২০১৩ প্রণয়ন ও প্রতিবন্ধীদের জন্য শিক্ষাবৃত্তির প্রবর্তন করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি দফতরগুলোতে তাদের অবাধ চলাচলের জন্য র্যামের ব্যবস্থা ও টয়লেট ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।’
আরও পড়ুন: প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে: পুনাক সভানেত্রী
পলক আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে পদক্ষেপ নিয়েছেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়। তিনি সারা দেশে আড়াই হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে ডিজিটাল প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এ প্রশিক্ষণের পরিধি আরও বাড়বে। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৬৪০টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল প্রযুক্তিনির্ভর ল্যাপটপ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিকসহ সব ধরনের প্রতিবন্ধীদের সুরক্ষায় দেশে-বিদেশে কাজ করে যাচ্ছেন। সবার সম্মিলিত অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ স্মার্ট দেশে পরিণত হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী পলক।’
আরও পড়ুন: রবীন্দ্র কুঠিবাড়িতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি চালু
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
]]>




