ফুল ছিটিয়ে ছোট্ট রাসেলকে স্মরণ করলেন দুই বোন
<![CDATA[
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন মঙ্গলবার (১৮ অক্টোবর)। প্রতিবছরের মতো এবারও ছোট ভাইয়ের জন্মদিনে ভালোবাসা জানাতে বনানীতে তার সমাধিতে ছুটে যান বড় দুই বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এ সময় ছোট ভাইকে ফুল দিয়ে স্মরণ করেন তারা।
এরপর সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তারা। পরে স্বজনদের স্মরণে মোনাজাত করেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা কিছুক্ষণ নীরবে প্রিয়জনদের কবরের পাশে দাঁড়িয়ে থাকেন।
এর আগে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠন তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
আরও পড়ুন:রাসেলকে যারা হত্যা করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না: কাদের
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে এবং ১৫ আগস্টের হত্যকাণ্ডে যারা জড়িত ইতিহাস তাদের ক্ষমা করবে না। এ হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য। যারা ইনডেমনিটি দিয়েছিল তাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি। বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের শাসন নিরপরাধ নয়।
রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতিও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে তার কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন ও ফাতেহা পাঠ করেন নেতাকর্মীরা।
এদিকে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন মঙ্গলবার (১৮ অক্টোবর) পালিত হচ্ছে নানা আয়োজনে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে হত্যা করেছিল তাকেও। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
]]>




