ফেনীতে অধিক লাভের আশায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক
ফেনী | তারিখঃ October 31st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 14 বার
বিশেষ প্রতিবেদক->>
ফেনীতে অধিক লাভের আশায় আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। শীত শুরুর আগেই আগাম শাকসবজি বাজারে তুলতে পারলে কিছুটা লাভের মুখ দেখেন চাষিরা। তাই আগেভাগে বাজারে শীতকালীন সবজি তুলতে ফেনীর কৃষকদের মধ্যে সবজি চাষের ধুম পড়েছে। চারা তৈরি ও জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ফেনীতে মোট ৯৩০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছয় উপজেলার মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৬৭ হেক্টর, সোনাগাজীতে ২৩৭ হেক্টর, ছাগলনাইয়ায় ১২১ হেক্টর, দাগনভূঞায় ৯৪ হেক্টর, পরশুরামে ৭১ হেক্টর ও ফুলগাজীতর ৪০ হেক্টর জমিতে সবজি চাষ করা হচ্ছে। বেগুন, মুলা, টমেটো, শিম, বরবটি, শসা, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন জাতের সবজি চাষের লক্ষ্য নিয়ে কৃষকেরা এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন।
সোনাগাজীর কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, চাষিরা ব্যাপকভাবে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কিছুটা ছন্দপতন হয়েছে। তবুও চারা তৈরি থেকে শুরু করে আগাম শাকসবজি রোপণে ব্যস্ত সময় পার করছেন উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের কৃষক আবদুর রহমান। তিনি এবছর ২০ শতক জমিতে শীতকালীন সবজি চাষ করছেন বলে জানান।
ছাগলনাইয়ার কৃষক নাদের আলী তার দুই ছেলেকে নিয়ে জমি পরিচর্যা করতে দেখা যায়। কথা বলতে চাইলে কিছুক্ষণ পর তিনি জমির আইলে উঠে এসে জানান, তার ৪০ শতক জমি রয়েছে। পুরো জমিতেই তিনি বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি চাষ করছেন। শ্রমিকের মজুরি বেশি, তাই ছেলেদের নিয়ে মাঠে নেমে পড়েছেন।
দাগনভূয়ার চাষি আবুল হোসেন জানান, তিনি এবার ২০ শতক জমিতে সবজি চাষ করছেন। আগাম শীতকালীন সবজি বাজারে তোলা হলে তার চাহিদা বেশি থাকে। এর ফলে দামও বেশি পাওয়া যায়। তিনি আশা করছেন, শীত আসার আগেই তিনি শাকসবজি বাজারে তুলতে পারবেন।
পরশুরামের চাষি আবদুল করিম জানান, তিনি এবার ২৬ শতক জমিতে বেগুনের চাষ করেছেন। সপ্তাহখানেক পরই বেগুন বিক্রি শুরু করতে পারবেন। এখন বাজারে চাহিদার পাশাপাশি দামও বেশি পাওয়া যাবে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে লাখ টাকা আয় করতে পারবে বলেও তিনি আশা করেন।
স্থানীয় সবজি ব্যবসায়ীরা জানান, যেকোনো সবজি যদি মৌসুমের শুরুতে বাজারে তোলা যায়, তবে এর দাম বেশি পাওয়া যায়। এছাড়া জেলার সোনাগাজী উপজেলার ব্যাপকভাবে সবজির চাষ হয়। সেখানকার প্রচুর সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্য এলাকায় পাঠানো হয়।
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন বলেন, জেলার কৃষকরা বর্তমানে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বীজতলা তৈরি, চারা উৎপাদন, রোপণসহ পরিচর্যায় কৃষকরা সার্বক্ষণিক কাজ করছেন।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কৃষকরা আগাম শীতের সবজি বাজারে আনতে নিবিড়ভাবে কাজ করছেন। কৃষি বিভাগ ও কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।




