ফেনীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘বিশেষ পরিবহন’, সুপারভাইজার-সহযোগীও নারী
ফেনী | তারিখঃ November 2nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 21 বার
শহর প্রতিনিধি->>
ফেনী পৌর শহরে যাতায়াতের সুবিধার্থে নারীদের জন্য বিশেষ পরিবহন চালুর ঘোষণা দিয়েছেন পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। মঙ্গলবার পৌরসভার মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মেয়র স্বপন মিয়াজী বলেন, নাগরিকদের চলাচলে ফেনী শহরে নাগরিক সিএনজি সেবা চালু আছে। আমরা খেয়াল করেছি, একই গাড়িতে নারী-পুরুষ একসঙ্গে চলাচল করতে নারীরা অস্বস্তি বোধ করেন ও নানা হয়রানির শিকার হন। তাই নারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য আলাদা বিশেষ পরিবহন থাকবে। সেই পরিবহনের সুপারভাইজার, সহযোগীরাও থাকবেন নারী। এতে নারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন।
আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশেষ এ পরিবহন উদ্বোধন করা হবে বলেও জানান পৌরমেয়র।
সভায় পৌর কাউন্সিলর খালেদ খান, আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, বখতেয়ার ইসলাম মুন্না, মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




