ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
<![CDATA[
ফেনীতে প্রায় ১২ হাজার পিস ইয়াবাসহ মো. মুসা (৫০) ও তৌহিদুল ইসলাম (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার বিরিঞ্চি এলাকার শান শাহ ফকির মাজার গেইট সংলগ্ন ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ছাগলনাইয়াগামী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-৩৩-২৩৫৪ আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় গাড়ির পিছনে রাখা ১১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ১০ বছর পর আ.লীগের সম্মেলন, সুবর্ণচরে আনন্দের জোয়ার
এ ঘটনায় জড়িত থাকায় কক্সবাজার চকরিয়ার বেজুলা গ্রামের শিকদার বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে মুসা ও টেকনাফ সাববাং এলাকার মাস্টার জহির আহমেদের বাড়ির আমির হোসেনের ছেলে তৌহিদকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ ১০ হাজার টাকা।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
]]>




