ফেনীতে বিশ্ব পুরুষ দিবসে র্যালী ও আলোচনা সভা
ফেনী | তারিখঃ November 19th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 186 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকালে পুরুষ নির্যাতন বিরোধী সংগঠন পরিবার বাঁচাও আন্দোলন ফেনী জেলার আয়োজনে ডক্টর রিক্রিয়েশন ক্লাব থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নবী হোটেল কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবার বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী পলিটেকনিক টিচার্স এসোসিয়েশনের সভাপতি জিএম তাজ উদ্দিন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সভাপতি মো. তারেকুল হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন, মানবাধিকার নেতা ডা. মো. ইসহাক চৌধুরী, পরিবার বাঁচাও আন্দোলনের সহ সভাপতি আবু সাইদ, সাধারন সম্পাদক মো. মাহমুদুল হক, ছাগলনাইয়া কমিটির সভাপতি অজুন, পলিটেনিক্যল ইনস্টিটিউটের ছাত্র রেদোয়ান আহমেদ রাশেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজে নানাভাবে পুরুষ ও নারী উভয়ই নির্যাতিত। কিন্তু বর্তমান সামাজিক, আইনী ও রাষ্ট্রীয় দৃষ্টি ভঙ্গিতে শুধু নারীই নির্যাতিত, আর সবধরনের নির্যাতনের জন্য পুরুষকেই দায়ী করা হয়। তাই আজ নারী নির্যাতনের প্রতিকারে নানা ধরনের কঠোর আইন প্রচলন করা হয়েছে এবং নির্যাতিত নারীকে সহায়তা দানে প্রচুর সংগঠন ও এনজিও গড়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, পুরুষ নারীর সম্মিলিত প্রচেষ্টায় মানব সভ্যতা আজ অনেক দূর এগিয়েছে। কিন্তু বর্তমান সামাজিক ও আইনি ব্যবস্থায় সমাজের সব অপকর্মের দায়ভার পুরুষের কাঁধেই চাপিয়ে দেওয়ায় পারিবারিক সংহতি আজ বিপর্যস্ত। কোন পুরুষ নির্যাতিত হলে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা তা স্বীকার করে না এবং তার যাওয়ার ও কোন জায়গা থাকে না। নারী নির্যাতন আইনের অপব্যবহারের ফলে অনেক পুরুষের জীবন আজ বিপর্যস্ত। পুরুষেরা সমাজ ও পরিবারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও তাদেরকেই সামাজিক ও পারিবারিক সব ধরণের অপকর্মের জন্য দায়ী করা হয়।




