ফেনী জেলা পরিষদে চেয়ারম্যান- সদস্য প্রার্থীরা নির্বাচিত ঘোষণা
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে দাখিল করা আওয়ামীলীগ মনোনীত প্যানেলের প্রার্থীদের আজ সোমবার বিজয়ী ঘোষণা করা হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাছির উদ্দিন পাটওয়ারী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে পরশুরাম পৌরসভা, মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ, ফুলগাজীর আনন্দপুর, মুন্সিরহাট, দরবারপুর ইউনিয়ন নিয়ে গঠিত ১নং ওয়ার্ডে ফুলগাজী উপজেলা যুগ্ম-সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, ছাগলনাইয়া পৌরসভা, মহামায়া, পাঠাননগর, রাধানগর, শুভপুর, ঘোপাল ইউনিয়ন নিয়ে গঠিত ২নং ওয়ার্ডে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, সদরের শর্শদী, পাঁচগাছিয়া, কাজিরবাগ, কালিদহ, বালিগাঁও, ধর্মপুর ও দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডে জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আবু তালেব জেকব, সদরের লেমুয়া, ফাজিলপুর, ফরহাদনগর, ছনুয়া, ধলিয়া, সোনাগাজীর নবাবপুর ও মঙ্গলকান্দি ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আফছার আপন, দাগনভূঞার সদর, রাজাপুর, পূর্বচন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লস্কর ইউনিয়ন নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহাম্মদ, সোনাগাজীর সদর, চরমজলিশপুর, বগাদানা, চরদরবেশ, মতিগঞ্জ, চরছান্দিয়া, আমিরাবাদ ইউনিয়ন নিয়ে গঠিত ৬নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডে জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে উপজেলা আওয়ামীলীগ সদস্য শাহিদা আক্তার শেফালী।
এর আগে তারা ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য থাকলেও সবকটি পদে একক প্রার্থী হয়েছেন। ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ে সবার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।




