ফের দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিন
<![CDATA[
দেশের দ্রুততম মানব হিসেবে অপ্রতিদ্বন্দ্বী ইমরানুর রহমান আবারও নিজের অবস্থান ধরে রেখেছেন। ফের দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তারও। শুক্রবার (২৩ ডিসেম্বর) বনানী আর্মি স্টেডিয়ামে এ কীর্তি গড়েন তারা।
৪৬তম বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হোন ইমরানুর রহমান। যদিও নিজের সেরা পারফরম্যান্স করতে পারেননি এই স্প্রিন্টার। ইলেকট্রনিক বোর্ডে তিনি সময় নিয়েছেন ১০.৪৯ সেকেন্ড। গত সেপ্টেম্বরে সামার অ্যাথলেটিকসে ইলেকট্রনিক বোর্ডে ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট।
আর নারীদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী হোন শিরিন আক্তার। সামার ও জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ১৪তম বারের মতো দ্রুততম মানবী হলেন তিনি। ইলেক্ট্রনিক বোর্ডে এবার ১২.২০ সেকেন্ড সময় নিয়েছেন শিরিন। অবশ্য গত সেপ্টেম্বরে তিনি ১১.৯৫ সেকেন্ড দৌড়েছিলেন। ইলেকট্রনিক বোর্ডে যেটা ছিল মেয়েদের ১০০ মিটারের নতুন জাতীয় রেকর্ড।
আরও পড়ুন: মেসিও একদিন এই চিত্রকর্মগুলো দেখবেন, প্রত্যাশা শিল্পীদের
গত জানুয়ারিতে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশগ্রহণ করেছিলেন ইমরান। চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে হারিয়ে লন্ডনপ্রবাসী এই দৌড়বিদ সেবারই জাতীয় চ্যাম্পিয়ন হোন। তখন তিনি ভেঙে দেন ২১ বছর আগের রেকর্ড। তখন ইলেকট্রনিক বোর্ডে ইমরানুরের টাইমিং ছিল ছিল ১০.৫০ সেকেন্ড। বিশ্ব পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
তবে এবার সোনার পদক জিতলেও পারফরম্যান্স নিয়ে আফসোস ঝরেছে ইমরানুরের কণ্ঠে। ঢাকায় আসার পথে ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাকে। এ কারণে ঠিকমত প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: মার দেল প্লাটায় আবেগাপ্লুত মার্টিনেজ
ইমরানুর বলেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার (২০ ডিসেম্বর)। কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।’
শিরিনের আগে দেশের দ্রুততম মানবী ছিলেন নাজমুন নাহার। সামার ও জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে ১৭ বারের দ্রুততম মানবী ছিলেন নাজমুন নাহার। শিরিন বলেন, ‘নিজেকে আরো এগিয়ে নিতে চাই। বিউটি আপু আমার আদর্শ। তাকে ছাড়িয়ে যেতে চাই আমি।’
]]>




