বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত
<![CDATA[
নরসিংদীতে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পাঁচদোনা-টঙ্গি সড়কের ঘোড়াশাল বাগদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম জামাল মিয়া (৪০)। তিনি মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি পলাশের দিকে যাচ্ছিল। এর মধ্যে ঘোড়াশাল বাগদি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি পোশাক কারখানার যাত্রীবাহী বাস ওই অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন অটোরিকশাচালকসহ আরও চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে বৃদ্ধ নিহত
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
]]>




