বিএনপির সমাবেশে হামলা, আহতদের আসামি করে মামলা
<![CDATA[
ফরিদপুরে বিএনপির সমাবেশে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ যারা আহত হয়েছেন, তাদেরকে আসামি করে মামলা করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ফকির বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশের ওপর হামলা করে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত করা পুলিশের গাড়ি ভাঙচুর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামি হিসেবে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপি-যুবলীগ সংঘর্ষ, আহত ২০
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের উপর বিএনপির নেতাকর্মীদের হামলার ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে তাদের আসামি করা হয়েছে। ভিডিওতে যাদের চেনা সম্ভব হয়নি, তাদের পরিচয়ও সনাক্ত করার প্রক্রিয়া চলছে।
মামলায় জেলা বিএনপির প্রথম সারির প্রায় সব নেতাকে আসামি করা হয়েছে। শহীদুল ইসলাম বাবুল ছাড়া কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ওরফে ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া ওরফে স্বপনসহ জেলা বিএনপির প্রথম সারির নেতাদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত রোববার বিকেলে কোর্ট পাড় এলাকায় স্বাধীনতা চত্বরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সরকারি কাজে বাধা দেয়। তারা পুলিশের ওপর ইট ছুড়ে মারেন। এতে চার থেকে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া পুলিশের একটি গাড়ির কাচ ভাঙ্গা হয়।
তিনি আরও বলেন, এ মামলায় এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে গ্রেফতার করা হয়নি।
মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, পুলিশ তো এখন আর আইন-শৃঙ্খলা বাহিনী নয়, তারা সন্ত্রাসীদের লালনকারী বাহিনী হয়ে উঠেছে। আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে পুলিশ বিএনপির সমাবেশে হামলা চার্লিয়ে নির্বিচারে নেতাকর্মীদের লাঠিপেটা করেছে তাই তারা বিএনপির বিরুদ্ধে মামলা দেবে এতে অবাক হওয়ার কিছু নেই।
আরও পড়ুন: বরগুনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, শতাধিক মোটরসাইকেল ভাঙচুর-আগুন
সৈয়দ মোদাররেছ আলী বলেন, আমাদের আন্দোলন পুলিশের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানো, পাচার হয়ে যাওয়া টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য জনগণের দাবির সমর্থনে এ আন্দোলন। আমাদের আন্দোলন হামলা মামলা দিয়ে দমন করা যাবে না।
প্রসঙ্গত রোববার প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জেলা বিএনপি ফরিদপুরের স্বাধীনতা চত্বরে এক সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের হামালায় কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে এবং কেন্দ্রীয় নেতারা ঢাকায় অবস্থান করছেন।
]]>




