বিএনপি আন্দোলনে পারদর্শী না হলেও ষড়যন্ত্রে সিদ্ধহস্ত: কামরুল
<![CDATA[
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি আন্দোলনে পারদর্শী না হলেও ষড়যন্ত্রে সিদ্ধহস্ত। মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়বে না শেখ হাসিনার সরকার। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে পারদর্শী না হলেও ষড়যন্ত্রে সিদ্ধহস্ত। আন্দোলন কীভাবে করতে হয় আমরা জানি, আমরা এরশাদের পতন ঘটিয়েছি, আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগ আন্দোলনের সিদ্ধহস্ত। আমরা আন্দোলন কত প্রকার এবং কী কী সব জানি, বিএনপি ষড়যন্ত্রে সিদ্ধহস্ত। কাজেই আমাদের সজাগ থাকতে হবে। অতন্দ্র প্রহরীর মতো আমাদের সজাগ থাকতে হবে। কোনো অবস্থায়ই যেন এই ষড়যন্ত্রকারীরা সফল না হয়। কর্মসূচির নামে কোনো রকম অশান্তিকর, অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমাদের নেতাকর্মীরা বসে থাকবে না, তারা দাঁতভাঙা জবাব দেবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন গণমিছিলের নামে আবারও সরকারবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত।
আরও পড়ুন: আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব: ওবায়দুল কাদের
জরুরি বৈঠক শেষে জানানো হয়, বিএনপির গণমিছিলের প্রতিবাদে শুক্রবার (৩০ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ও যাত্রাবাড়ীতে গণসমাবেশ করবে আওয়ামী লীগ। আর বিএনপির গণমিছিল প্রতিরোধে রাজধানীর প্রতিটি মসজিদে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ।
বিএনপির গণসমাবেশ ব্যর্থ হয়ে এখন গণমিছিলের নামে আবারও সরকার পতনের নতুন ছক কষছে বলে অভিযোগ করেছেন বৈঠকে আসা নেতারা।
তারা আরও বলেন, গণমিছিলের নামে কোনো ধরনের সংঘাতপূর্ণ কর্মসূচি করতে দেবে না আওয়ামী লীগ। শুক্রবার রাজপথে সতর্ক পাহারায় থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড।
শুক্রবার বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা।
]]>




