বিপিএলের ব্যস্ততায় অভিভাবকহীন মুমিনুল,শরিফুলরা
<![CDATA[
বিপিএলের ব্যস্ততায় অভিভাবকহীন দল না পাওয়া ক্রিকেটাররা। অনুশীলনে ভুল-ত্রুটি শোধরানোর কেউ নেই। নিজেদের তৈরী রাখতে একাকী অনুশীলনই একমাত্র ভরসা তাদের। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক থেকে শুরু করে উদীয়মান তারকা মুশফিক হাসান- মিরপুরের একাডেমি মাঠে দিকনির্দেশনা ছাড়াই চালিয়ে যাচ্ছেন নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন।
বিপিএলের ব্যস্ততা এখন বন্দরনগরী চট্টগ্রামে। মিরপুরের হোম অব ক্রিকেট তাই ফাঁকা, নিরব। তবে সে নিরবতার মাঝেই নিভৃতে একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলন সারছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ফর্ম হারিয়ে প্রথমে অধিনায়কত্ব পরে দল থেকেই জায়গা হারান মুমিনুল। চলতি বিপিএলেও এই ব্যাটারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। দিনকয়েক আগেই লম্বা সময় পর সুযোগ পেয়েছিলেন ভারত সিরিজে। প্রত্যাবর্তনের ম্যাচে খেলেন দারুণ একটি ইনিংস। সে ফর্ম ধরে রাখতে এবার লড়াই চালাচ্ছেন নিজের সঙ্গে। হারিয়ে যাওয়া য়াত্মবিশ্বাস খুঁজে পেতে তার সঙ্গী শরিফুল ইসলাম।
আরও পড়ুন:বিপিএলের আয়োজন নিয়ে সন্তুষ্ট বিসিবি
শরিফুল অবশ্য বিপিএলে দল পেয়েও মাঠের বাইরে। ইনজুরি তাড়িয়ে বেড়াচ্ছে তরুণ এই পেসারকে। ম্যাচ ফিটনেস পেতে অপেক্ষা করতে হবে আগামী ২০ তারিখ পর্যন্ত। তাই তাকে ঢাকায় রেখেই তার দল ঢাকা ডমিনেটর্স খেলছে চট্টগ্রাম পর্বে।।
মুমিনুল-শরিফুলের সঙ্গে একাডেমি মাঠে এদিন ঘাম ঝরাচ্ছেন মুশফিক হাসান। এখনো জাতীয় দলে অভিষেক না ঘটা এ পেসার যুব দলের পর নিজের গতি আর লাইন-লেন্থে মুগ্ধতা ছড়িয়েছেন প্রথম বিভাগ ক্রিকেটেও।
এইচপির হয়ে অংশ নিয়েও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। মুগ্ধ করেন টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। তবে মুশফিক কেবল মুগ্ধ করতে ব্যর্থ বিপিএল ফ্রাঞ্জাইজি মালিকদের। তাই তো নিলামে অবিক্রীত থাকার হতাশা ভুলে নিজেকে ছন্দে রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন একাকী।
আন্তর্জাতিক ক্রিকেটের বিরতিতে অলিখিত বিরতি কোচদেরও। তাই তো অনেকটা অভিভাবকহীন অবস্থায়ই ব্যক্তিগতভাবে নিজেদের তৈরি রাখতে হচ্ছে এসব ক্রিকেটারদের। তবে এমন ব্যক্তিগত অনুশীলন কতটুকু নিজেদের ঝালিয়ে নিতে সাহায্য করবে, তা বড় প্রশ্ন রেখে যায় ক্রিকেটসংশ্লিষ্টদের মনে।
]]>




