বিশ্বকাপের সব প্রস্তুতি সেরে নিয়েছে কাতার
<![CDATA[
বিশ্বকাপ ফুটবল শুরুর আগে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে নিয়েছে আয়োজক দেশ কাতার। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত দর্শকদের সুযোগ-সুবিধা নিশ্চিতে তৈরি করা হয়েছে হায়া কার্ড সার্ভিস সেন্টার। দেশটির আটটি স্টেডিয়াম, বিমানবন্দরে দেখা মিলবে সার্ভিস সেন্টার। সব ধরনের জটিলতা দূর করার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ডিরেক্টর সাদ আল কুয়ারি।
মরুভূমিতে ঘেরা কাতারে এখন রোমাঞ্চের ছড়াছড়ি। বিশ্বের নানা প্রান্তের প্রায় ১২ লাখ অতিথিকে স্বাগত জানাতে তোড়জোড় চলছে মরু উপত্যকায়। সাজিয়ে তোলা হচ্ছে রঙিণ আলোয়। এতসব আয়োজন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ ঘিরে।
আরও পড়ুন: কাতারে স্টেডিয়াম নির্মাণে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে ফিফা
বিশ্বকাপে আগত দর্শকদের কাতারে প্রবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হায়া কার্ড। যে কার্ডের মাধ্যমে একজন দর্শক তার প্রবেশাধিকার নিশ্চিত করতে পারবেন। এটির মাধ্যমে নানা ধরনের সুবিধাও গ্রহণ করতে পারবেন তারা। বিভিন্ন রুটে মেট্রো সার্ভিস, শাটল সার্ভিস, স্টেডিয়ামে প্রবেশ, বিভিন্ন অ্যাপ চালানোসহ সব ক্ষেত্রেই প্রয়োজন হবে এই কার্ড।
কাতারের ওয়েস্ট বে-এর কেন্দ্রবিন্দুতে তৈরি করা হয়েছে হায়া কার্ড সার্ভিস সেন্টার। এখানে কার্ড ব্যবহারের মাধ্যমে কিভাবে সুযোগ সুবিধা পাবেন, এমনকি সঠিকভাবে কার্ড ব্যবহার করতে না পারাসহ সব ধরনের সেবা দেয়া হবে দর্শকদের।
ইতোমধ্যে, কাতারে আগত টিকিট বুকিং দেয়া ৭৫ শতাংশের হায়া কার্ড নিশ্চিত করেছে দেশটি। এ ছাড়া দেশটির বিমানবন্দরেও কাস্টমার সার্ভিসের ব্যবস্থা রেখেছে আয়োজক কমিটি। হায়া কার্ড সেন্টার ছাড়াও, আহমদ বিন হামাদ আল আত্যিয়াহ অ্যারেনা ও স্টেডিয়ামগুলোতে সেবা পাবেন দর্শকরা।
হায়ার এক্সিকিউটিভ ডিরেক্টর সাদ আল কুয়ারি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৭৫ শতাংশ দর্শকদের হায়া কার্ড নিশ্চিত করতে পেরেছি। প্রতিদিন এই সংখ্যা বেড়েই চলেছে। যার মাধ্যমে দর্শকরা তাদের সুযোগ-সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।’
এদিকে হায়ার ভেন্যু ম্যানেজার সাদ আল সুওইয়াইদি বলেন, ‘হায়া কার্ড মূলত কাতারে প্রবেশের অনুমতিপত্র। কাতার এবং কাতারের বাইরের দর্শকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে ও কার্ড সম্পর্কিত জটিলতা দূর করতে এই সেন্টারসমূহ স্থাপন করা হয়েছে। যাতে দর্শকরা যে কোনো ধরনের সুবিধা স্বাছন্দ্যে ভোগ করতে পারেন। তাই, বিমানবন্দর থেকে শুরু করে স্টেডিয়াম ও বিভিন্ন স্থানে সার্ভিস সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।’
আরও পড়ুন: কাতারের দালানকোঠায় শোভা পাচ্ছে ফুটবলারদের ছবি
নভেম্বরে কাতারে আগত দর্শকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের অ্যাপ চালু করেছে আয়োজক দেশটি। যার মাধ্যমে যেকোনো ধরনের সমস্যা সমাধানে সহযোগিতা পেয়ে থাকবেন।
]]>




