'বিশ্বকাপে যে দলটা খেলবে তা কন্টিনিউ করবে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত'
<![CDATA[
সাকিব ছাড়াও আমিরাত সিরিজে আফিফ-মিরাজদের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে বিশ্বকাপে ওপেনিং স্লট নিয়ে আশাবাদী বিসিবি বস। এদিকে, আসন্ন বিশ্বকাপ যারা খেলবে তাদের নিয়ে পরের বিশ্বকাপ পর্যন্ত বিসিবির পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া, অস্ট্রেলিয়ার কন্ডিশন কঠিন হলেও ক্রিকেটাররা হতাশ করবে না বলে বিশ্বাস বিসিবি সভাপতির।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র দুই সপ্তাহ। এর আগে নিজেদের প্রস্তুত করতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। সাকিব ছাড়াও আফিফ-মিরাজ-সোহানদের নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে কিছুটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে। বিশ্বকাপের আগে এমন জয় দলের ক্রিকেটারদের বাড়তি আত্নবিশ্বাস যোগাবে বলে মনে করেন বিসিবি সভাপতি।
আরও পড়ুন: সৌম্যর বাদপড়া ও শান্তর থাকার কারণ জানালেন পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব ছাড়াও বেশ কিছু খেলোয়াড়ের খেলা আমার ভালো লেগেছে। মেহেদী হাসান মিরাজ কোন না কোন অবস্থায় নিজের অবস্থান জানান দিয়েছে। হয়তো ব্যাটিংয়ে, না হয় বোলিংয়ে, অথবা ফিল্ডিংয়ে।’
বিশ্বকাপের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। তার ওপর অস্ট্রেলিয়ার মাঠে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা নেই। আসরকে গুরুত্ব দিচ্ছে বিসিবি বস। যেখানে সেরা একাদশ খেলাতে চায় টিম ম্যানেজম্যান্ট। সেই সঙ্গে এই বিশ্বকাপে যারা খেলবে তাদের নিয়ে পরের বিশ্বকাপ পর্যন্ত চিন্তা করছে বিসিবি।
নাজমুল হাসান পাপন বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে আমাদের দলের অনেক খেলোয়াড়ের ধারণাই নাই। বিশ্বকাপে যে দলটা খেলবে তা কন্টিনিউ করবে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত।’
তামিম ইকবালের অবসরে ওপেনিং স্লটে কোনো বাঁহাতি ব্যাটার নেই। তাই শান্ত ও সৌম্যকে দলে রাখেন নির্বাচকরা। যদিও এ দুজনের মধ্যে শান্তর প্রায়োরিটি বেশি বলে মনে করেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘তামিম যেহেতু এখন ছেড়ে দিয়েছে (টি-টোয়েন্টি), কাজেই আমাদের কাছে লেফট হ্যান্ড অপশন এই দুইজনই আছে। তবে এখনও কিন্তু দুইজনকে খেলাচ্ছিনা। তবে এই দুই জনের মধ্যে যদি কাউকে খেলাতে হয় অতীতের পারফরম্যান্স দেখে, তাহলে সবাই বলবে সৌম্যকে নিতে। তবে সৌম্য আমাদের দলের সঙ্গে নেই অনেকদিন। আমাদের দল যে কন্ডিশনে খেলতে যাচ্ছে সেখানে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বোলারদের ফেস করার অভিজ্ঞতা আছে শান্তর।’
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ট্রাইনেশন সিরিজেও চলবে পরীক্ষানিরীক্ষা
মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম ভালো না গেলেও, বিশ্বকাপে ফিজ পুরানো রুপে ফিরবেন বলেও বিশ্বাস বিসিবি সভাপতির।
]]>




