বিশ্বকাপ চলাকালেই বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
<![CDATA[
দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। এশিয়ার চ্যাম্পিয়নরা বিশ্বকাপের প্রথম রাউন্ডের শুরুতেই হোঁচট খায় নামিবিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও এবার ইনজুরির কারণে ছিটকে গেলেন দলের সেরা পেসার দুশমন্থ চামিরা। এ ছাড়া দানুস্কা গুনাথিলাকা ও প্রমোদ মধুশানকে নিয়েও আছে শঙ্কা।
ইনজুরির কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি চামিরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়েও ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে বাইশ গজে ফেরেন লঙ্কান এ পেসার। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা শ্রীলঙ্কার প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে আমিরাতের বিপক্ষে খেলতে নেমে বল হাতে ছিলেন দুর্দান্ত।
যদিও গোড়ালির ইনজুরির কারণে নির্ধারিত ৪ ওভারের কোটা শেষ করতে পারেননি। তবে তার আগে ৩ ওভার বল করে মাত্র ১৫ রান খরচায় তুলে নেন মূল্যবান তিনটি উইকেট।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা। সুপার টোয়েলভের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই এশিয়ার চ্যাম্পিয়নদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেই দুশমন্থ চামিরাকে পাচ্ছে না দল। এ ছাড়া বিশ্বকাপের বাকি পর্বেও অনিশ্চিত লঙ্কান এ পেসার। ইএসপিএনক্রিকইনফোর বরাতে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার মেডিকেল অপারেশন্সের প্রফেসর অর্জুনা ডি সিলভা।
আরও পড়ুন: আমিরাতকে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার ইনজুরির তালিকায় চামিরা একাই নন, দানুস্কা গুনাথিলাকা এবং প্রমোদ মধুশান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আরব আমিরাতের বিপক্ষে খেলতে পারেননি। নেদারল্যান্ডসের বিপক্ষে তারা খেলতে পারবেন কি না, সেটি জানা যাবে তাদের স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর। তবে তাদের নিয়ে কিছুটা আশাবাদী লঙ্কান মেডিকেল টিম।
পুঁচকে নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর প্লে-অফের পথ অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার জন্য। ঘুরে দাঁড়ানোর ম্যাচে মঙ্গলবার (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ১৫৩ রানের টার্গেট দাঁড় করিয়েছিল লঙ্কানরা। অবশ্য, বোলারদের তোপে এই লক্ষ্যটাই পাহাড়সম বানিয়ে ফেলেন আমিরাতের ব্যাটাররা। হাসারাঙ্গা-চামিরাদের তোপে মরুর দেশের দলটি শেষ পর্যন্ত অলআউট হয়ে গেছে ৭৩ রানে।
প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২০ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। গিলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
]]>




