বৃষ্টির বাগড়ায় অন্য খেলা খেলল ভারত-নিউজিল্যান্ড!
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ক্ষত এখনো শুকায়নি। এবার ভালো পারফরম্যান্সের আশায় ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি নিউজিল্যান্ড-ভারত। কিন্তু বিরূপ প্রকৃতি হতে দিল না। ক্রিকেটপ্রেমীদের হতাশায় ডোবাল বৃষ্টি। ভেস্তে গেল সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
অবশ্য আশঙ্কা ছিল আগেই। স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ওয়েলিংটনে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। শেষমেশ সেটাই সত্যি প্রমাণ হলো। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। তবে বৃষ্টির জন্য পিছিয়ে দেয়া হয় টসের সময়। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি ওয়েলিংটনে।
বৃষ্টির দাপট চলে লম্বা সময় ধরে। শেষমেশ একটানা বৃষ্টিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করাই সম্ভব হয়নি। প্রবল বৃষ্টিতে খেলা শুরু সম্ভব নয় বুঝেই আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। হতাশা নিয়েই ওয়েলিংটনের স্টেডিয়াম ছেড়েছে ক্রিকেটাররা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ
মাঠ ছাড়ার আগে অবশ্য অন্য খেলায় মুখোমুখি হয় সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট দল। স্টেডিয়াম চত্বরেই দু’দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে ফুটভলির লড়াইয়ে নামেন।
সারিবদ্ধভাবে চেয়ার রেখে ক্রিকেটারদের ফুটভলি খেলতে দেখা যায় অনুশীলনের সময়। তবে এভাবে অন্য দলের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের আবহে ফুটভলি খেলার ছবি খুব বেশি দেখা যায় না।
আরও পড়ুন: বিশ্বকাপের উন্মাদনায় ভাসছেন বগুড়ার আর্জেন্টাইন সমর্থকরা
যাইহোক, প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কার্যত ২ ম্যাচের সিরিজে পরিণত হলো। আগামী রোববার (২০ নভেম্বর) বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। পরে মঙ্গলবার (২২ নভেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষে খেলা হবে ৩টি ওয়ান ডে ম্যাচ। ২৫, ২৭ ও ৩০ নভেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অকল্যান্ড, হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে।
]]>




