খেলা

বৃষ্টি হলেই ডুবে যায় বাস টার্মিনাল

সামান্য বৃষ্টিতেই বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালের সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন বাসচালক, শ্রমিক ও যাত্রীরা। দ্রুত টার্মিনালটি সংস্কারের দাবি ভুক্তভোগীদের।

সরেজমিনে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে।

জানা গেছে, গত ৫ বছর ধরে টার্মিনালটি বারবার সংস্থারের উদ্যোগ নেয়া হলেও সফলতার মুখ দেখেনি এখনো। এতে ক্ষুব্ধ চালক, শ্রমিকরা। কাদাপানিতে টার্মিনালের ভেতর একাকার। এরই মধ্যে যাত্রীদের নিয়ে থামছে বাস। আর টার্মিনালের বাইরের সড়কে বাস থাকায় সেখানে সৃষ্টি হয় যানজটের।

টার্মিনালটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকা ও নিচু জমির কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান বাস মালিক সমিতি, বরিশালের রূপাতলী বাস টার্মিনালের সহসভাপতি বেল্লাল হোসেন তালুকদার।

তিনি বলেন, দায়-দায়িত্ব সিটি করপোরেশনের; কারণ এখানে আমাদের কিছু করার নেই। সমিতিপক্ষের কাছে আমরা এ বিষয়ে দাবি করেছি, তারা বলেছে কিছুদিনের মধ্যে এটা ঠিক করে দেবে।

বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, টার্মিনালে বৃষ্টির কারণে পানি জমেছে, শিগগিরই এটার সমাধান হবে।

কেএফডব্লিউএর অর্থায়নে টার্মিনালের ড্রেন সংস্কার ও নিচু জমি ভরাটের কাজ দ্রুত শুরু হবে বলে জানায় সিটি প্যানেল মেয়র।

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, অসম্পূর্ণ ড্রেন থাকার কারণে সেখানে পানি জমে থাকে। আশা করছি, কেএফডব্লিউ এর অর্থায়নে টার্মিনালের ড্রেন সংস্কার ও নিচু জমি ভরাটের কাজ দ্রুত শুরু হবে।

রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে প্রতিদিন প্রায় ২০০ বাস চলাচল করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!