বেরোবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
<![CDATA[
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রংপুর অঞ্চলের ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম স্থান অধিকার করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থী মিনার হোসেন।
শুক্রবার (২৫ নভেম্বর) বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধায়নে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে গণিত উৎসব পালিত হয়। উৎসবে বেরোবি এবং হাবিপ্রবির বিভিন্ন বিভাগের মোট ১২১ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে বেরোবি এবং হাবিপ্রবির বিভিন্ন বিভাগের মোট দশজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, বেরোবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাজুল ইসলাম, অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান ও সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে হাবিপ্রবির মিনার হোসেন, আমিনুল ইসলাম, তবিবুর রহমান। এ ছাড়া তৃতীয় থেকে দশম স্থান অধিকার করেছে যথাক্রমে প্রান্ত মোল্লা, মইন উদ্দিন ভূঁইয়া, ফরিদুল ইসলাম, পলাশ কুমার দাস (হাবিপ্রবি), সাদিয়া আফরিন, আহাদুজ্জামান লিমন, উম্মে বর্ষা। এদের মধ্যে পলাশ কুমার দাস ছাড়া বাকিরা বেরোবির শিক্ষার্থী।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে চাঁদপুরে অলিম্পিয়াড
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে একটি র্যালি বের হয়। পরে সমাপনী সেশনে গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেন শিক্ষকরা।
গণিতের প্রতি ভয়-ভীতি দূর করে আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর স্নাতক (অনার্স) পর্যায়ে গণিত অলিম্পিয়াডের বৃহত্তর রংপুর অঞ্চলের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ বিষয়ে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হান্নান মিয়া বলেন, গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করা, গণিতের উৎকর্ষ সাধন ও দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা-বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে অলিম্পিয়াডের আয়োজন করা হয় । দীর্ঘ ১৩ বছর ধরে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতি উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে হয়ে আসছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এতে গণিতের ছাত্র ছাড়াও বিজ্ঞান ও প্রকৌশলী ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে এবং মেধার স্বাক্ষর রাখছে।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২২ এর বৃহত্তর রংপুর অঞ্চলের আহ্বায়ক ও বেরোবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা এবং বিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণিতের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করা আমাদের লক্ষ্য।
]]>




