বোমা ফাটিয়ে ডাকাতি, আহত সেই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
<![CDATA[
ফেনীর সোনাগাজীতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় আহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী মারা গেছেন। ১১ দিন পর শুক্রবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
অর্জুন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা।
অর্জুনের ভাতিজা মানিক ভাদুড়ী জানান, গত ৩১ অক্টোবর সোনাগাজীর জমাদার বাজারে দিনদুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অর্জুন জুয়েলারিতে ঢুকে ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ সময় গুরুতর আহত অর্জুনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসায় চট্টগ্রামে স্থানান্তর করেন। পরে তার মাথায় অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়। গত বৃহস্পতিবার রাতে তিনি স্ট্রোক করলে অবস্থার আরও অবনতি হতে থাকে। এরপর শুক্রবার রাতে অর্জুনের মৃত্যু হয়।
আরও পড়ুন: মালিককে কুপিয়ে কোটি টাকার সোনা লুট, বোমা ফাটিয়ে পলায়ন
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন জানান, এ ঘটনায় গত ২ নভেম্বর অর্জুনের জামাতা রনি বণিক অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরদিন সিরাজুল ইসলাম ওরফে বোমা সিরাজ (৪০), হেলাল হাসান সৌরভ (২৭) ও মো. মোস্তফা (৪২) নামে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের চিহ্নিত করতে পুলিশের বিশেষজ্ঞ দল কাজ করছে বলেও জানান তিনি।
এ দিকে স্বর্ণ ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় ১৩ নভেম্বর রোববার দুপুর ১২টা পর্যন্ত ফেনীর স্বর্ণ দোকান বন্ধ করে প্রতিবাদ ও শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করবে ফেনী জেলা জুয়েলার্স সমিতি।
]]>




