ব্যাংকগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে এসিইউ লেনদেন বন্ধের নির্দেশ
<![CDATA[
দেশের ব্যাংকগুলোকে এসিইউ পদ্ধতিতে শ্রীলঙ্কার সঙ্গে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এসিইউ হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো আন্তঃআঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এসিইউ এর সদস্য। যার সদর দফতর তেহরানে। দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংককে প্রতি দুই মাস অন্তর আন্তঃআঞ্চলিক লেনদেনের জন্য আমদানির অর্থ প্রদান করতে হয়।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে এসিইউ মেকানিজম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন : যথাসময়ে আমদানি বিলের দায় পরিশোধে ব্যর্থতায় লাইসেন্স বাতিল
এই সিদ্ধান্তের ফলে দেশটির ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের লেনদেন করা কঠিন হবে।
তবে কোনো বাংলাদেশি ব্যাংক যদি শ্রীলঙ্কার কোনো বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে লেনদেন নিষ্পত্তি করতে চায়, তাহলে তারা এসিইউ সিস্টেমকে উপেক্ষা করে তা করতে পারে।
]]>




