ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, বাড়ির মালিককে হত্যা
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাড়ির মালিককে হত্যা করেছে এক ভাড়াটিয়া। গত শনিবার (২১ জানুয়ারি) জেলার পৌর এলাকার মধ্য মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাড়াটিয়াকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন আহমেদ হ্যাপির আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন ওই ভাড়াটিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল-হোসাইন জানান, পৌর এলাকার মধ্য মেড্ডায় সবুজ আলীর বাড়িতে মাসিক ১ হাজার ৪০০ টাকায় একটি টিনের ঘরে ভাড়া থাকতেন আমিন মিয়া (২৬)। তিনি একই এলাকার মৃত হীরা মিয়ার ছেলে।
গত তিন মাস যাবত বাসা ভাড়া দিচ্ছিলেন না আমিন মিয়া। শনিবার (২১ জানুয়ারি) সকালে সবুজ আলীর স্ত্রী শিরিনা বেগম ভাড়া চাইতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়।
এ সময় শিরিনা বেগম পায়ের জুতা খুলে মারতে উদ্যত হলে আমিন গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন। এরপর লাশটি লেপে মুড়িয়ে শয়ন কক্ষের খাটের নিচে লুকিয়ে রেখে দরজা তালা দিয়ে চলে যান।
আরও পড়ুন: গাইবান্ধায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৩
সোহরাব আল-হোসাইন আরও জানান, দীর্ঘ সময় শিরিনা বেগমকে পাওয়া না গেলে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। বিকেলের দিকে আমিনের ঘরের দরজা খোলা দেখেন শিরিনার ছেলে।
সেই ঘরে তল্লাশি করলে খাটের নিচে থেকে লেপে মোড়ানো শিরিনার অচেতন দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি জানাজানি হলে আমিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। ঘটনার পরের দিন রোববার (২২ জানুয়ারি) শিরিনার পরিবারের পক্ষ থেকে আমিন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
]]>




