ভারতের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ
<![CDATA[
অলিম্পিক প্রাক বাছাইকে প্রাধান্য দিয়ে প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের প্রস্তাব থাকলেও আরও শক্তিশালী দল খুঁজছে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সিঙ্গাপুর। জানিয়েছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এদিকে নারী দলের আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে কাটছে আর্থিক বাধা। শিগগিরই নতুন পৃষ্ঠপোষকের সঙ্গে চুক্তি করবে ফেডারেশন।
দক্ষিণ এশিয়া জয়ের পর স্বপ্ন বড় হয়েছে বাংলাদেশ নারী দলের। সাফ গন্ডি পেরিয়ে লাল সবুজরা দৃষ্টি রাখছে এবার আলিম্পিকের মঞ্চে। তার আগে কঠিন বাছাই প্রক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত করা চাই। সে পথেই হাঁটছে বাফুফে নারী উইং।
আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছে মেসি-এমবাপ্পেরা
আসছে ফেব্রুয়ারি উইন্ডোতে বাংলাদেশের কাছে প্রস্তাব আছে ভারতে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলার। তবে সে পথে না গিয়ে সিঙ্গাপরের দিকে দৃষ্টি সংশ্লিষ্টদের। সঙ্গে থাকবে আরও একটি কঠিন প্রতিপক্ষ। কারণ অলিম্পিক প্রাক বাছাই পার হতে যে বাংলাদেশকে টেক্কা দিতে হবে ইরান, মিয়ানমারের মতো বাঘা প্রতিপক্ষদের।
এ বিষয়ে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ভারত অবশ্যই ভালো। কিন্তু এ মুহূর্তে আমরা ভারতের বিপক্ষে খেলতে চাচ্ছি না। আমরা ভালো দলের সঙ্গে খেলতে চাচ্ছি। যেহেতু সামনে আমাদের অলিম্পিক প্রাক বাছাই। সে প্রতিযোগিতাকে সামনে রেখে আমরা আমাদের দলকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই। যাতে করে আমাদের মেয়েরা বুঝতে পারে, তাদের ঘাটতি কোথায় এবং পরবর্তীতে যেন সেটা নিয়ে কাজ করতে পারে।’
আরও পড়ুন: মেসিদের ঢাকা সফর নিয়ে যা জানাল বাফুফে
নারী ফুটবল উন্নয়নে বেশ আর্থিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় বাফুফেকে। বাইরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে এই সংকট হয়ে উঠে প্রকট। তবে এবার সমস্যা সমাধানের পথে ফেডারেশন। আসছে মাসেই একটি দেশি প্রতিষ্ঠানের সঙ্গে হবে চুক্তি স্বাক্ষর।
কিরণ বলেন, ‘বাইরে খেলতে গেলে অনেক খরচ। মহিলা ফুটবলের জন্য আমরা ওভাবে খরচটা পাই না। কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, ব্যবস্থা হয়ে যাবে।’
৩ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে অলিম্পিক প্রাক বাছাই। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। এখান থেকে শীর্ষ দল পাবে বাছাই পর্বের টিকিট।
]]>




