ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
<![CDATA[
এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৮ অক্টোবর) ম্যাচটি শুরু হচ্ছে দুপুর দেড়টায়।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফল্যের অনুপ্রেরণা সঙ্গী করে এবারের আসরের শুরুটাও দারুণ হয় লাল-সবুজের প্রতিনিধিদের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে বড় জয় তুলে নেয় জ্যোতি বাহিনী। এরপর পাকিস্তানের কাছে হারলেও, দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা।
২০১৮ এশিয়া কাপের রাউন্ড রবিন লিগের পর ফাইনালেও ভারতকে হারিয়ে ট্রফি জিতে নেয় টাইগ্রেসরা। অবশ্য ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের আক্ষেপে পুড়তে হয় বাংলাদেশকে। বছর দুয়েক পর আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে খেলা তাই নির্ভার জ্যোতি-জাহানারা-সালমারা। টিম হিসেবে খেলে জয়ের প্রত্যয় স্বাগতিকদের।
সেমিফাইনালে পা রাখতে এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের কাছে। অন্যদিকে, ভারতের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে গেছে ভারত। তবে এখনো শীর্ষেই আছে তারা। আজকের ম্যাচে জিতলেই সেমিফাইনালের পথে আরেকধাপ এগিয়ে যাবে তারা।
আরও পড়ুন: মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের বিশাল জয়
তবে ভারতের নিয়মিত অধিনায়ক হারমনপ্রীত কৌর আজ খেলছেন না। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন স্মৃতি মান্দানা।
পরিসংখ্যান বলছে, দু’দলের ১২ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র দুটি। তারপরও ভারতের বিপক্ষে ১২ ম্যাচে সর্বোচ্চ ১৫৫ রান সালমা খাতুনের সেই সঙ্গে আছে ১১ উইকেট। তাইতো পরিসংখ্যানের দিকে না তাকিয়ে মাঠের লড়াইয়ে মনোযোগী হতে চায় টাইগ্রেসরা।
]]>




