খেলা

মনোনয়ন জমা দিলেন রিপন, উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয়

<![CDATA[

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আব্দুল মোত্তালিবের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিনে সাঘাটা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেন রিপন।

গত ২৪ জুলাই ওই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর এই আসনে ভোটগ্রহণের কথা রয়েছে।

গত শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথসভায় রিপনকে এই আসনে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তার মনোনয়ন পাওয়ার সংবাদে রাতেই দুই উপজেলায় আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতকর্মীরা। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মাহমুদ হাসান রিপন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন

এদিকে, মনোনয়ন জমা দেয়ার পর সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ হাসান রিপন বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ইতোমধ্যে এই এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আমি নির্বাচিত হলে এই ধারা অব্যাহত রাখব। বালসী-বাহাদুরাবাদ টানেল বাস্তবায়নসহ ফুলছড়ি-সাঘাটার মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা ও চরের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমি সাঘাটা-ফুলছড়ির মানুষের দুর্দিনে-দুর্যোগে, মহাসংকটে তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, এই এলাকার প্রত্যেকটি মানুষের হৃদয়ে আমার স্থান রয়েছে।’

জনগণের প্রত্যাশার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও বিনোদনসহ সবক্ষেত্রে সাঘাটা-ফুলছড়িকে স্বয়ংসম্পূর্ণ জনপদে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় জানান রিপন।

এছাড়া আগামী নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভাজন ভুলে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এই আসনের এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে (যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৪টায়) মারা যান। ২০১৮ সালের সবশেষ অনুষ্ঠিত নির্বাচনে তিনি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে সপ্তমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!