মস্কোর ছাদে ছাদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নিশ্চুপ ক্রেমলিন
<![CDATA[
শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পেতে রাশিয়ার রাজধানী মস্কোর উঁচু দালানগুলোর ছাদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে ক্রেমলিন এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা গেছে, মস্কোর কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি দালানের ছাদে পান্তশির-এস১ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম বসানো হয়েছে। এলাকাটি ক্রেমলিন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।
বেসামরিক ভবন ছাড়াও দেশটির সরকারি ভবনগুলোর ছাদেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মস্কো নদীর তীরবর্তী গোর্কি পার্কে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনগুলোর ছাদেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ ন্যাটো, লোপার্ড ট্যাঙ্ক পাচ্ছে না ইউক্রেন
এ অবস্থায় রাশিয়া কোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা করছে কি না, এমন প্রশ্ন করা হয় ক্রেমলিনকে। জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি কোনো জবাব না দিয়ে এ বিষয়ে জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রশ্ন করার পরামর্শ দেন।
পেসকভ বলেন, ‘সাধারণত তারাই (প্রতিরক্ষা মন্ত্রণালয়) দেশের এবং বিশেষ করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছেই এ বিষয়ে জিজ্ঞেস করা ভালো।’ তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
]]>




