মাঠ নিয়ে বদনাম দূর করতে নতুন কিউরেটরের খোঁজে বিসিবি
<![CDATA[
শুধু নতুন মাঠ বা উইকেট তৈরী নয়, সেগুলোর পরিচর্যার জন্য দেশীয় কিউরেটরদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট, দেশীয় কিউরেটরদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি উইকেটগুলো পর্যবেক্ষণ করেছেন। জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। বাংলাদেশের উইকেট এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রশংসা ঝরেছে নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের মুখে।
শের-ই বাংলার উইকেট নিয়ে সাকিবের বিষ্ফোরক মন্তব্যের পর হয়েছে নানা সমালোচনা। উইকেটের মানের প্রশ্নে ক্রিকেট আর বোর্ড অনেকটা মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে ছিল। অবশ্য মিরপুরের ব্যস্ত উইকেট নিয়ে নানা সময়ই অসন্তোষ শোনা যায় ক্রিকেটারদের কণ্ঠে।
মাঠ পরিচর্যার জন্য নতুন কিউরেটরের খুঁজছে বিসিবি। যারা আছেন তাদের জন্য ব্যবস্থা করতে চায় উন্নত প্রশিক্ষণের। নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট দুই দিন কাজ করেছেন দেশীয় কিউরেটরদের সাথে। একই সঙ্গে মাঠ সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নিয়েছে বোর্ড।
আরও পড়ুন:সংযুক্ত আরব আমিরাতকে ‘দুর্বল’ বলতে চান না সোহান
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘ওদের দেশে ওরা চারমাস ক্রিকেট মাঠের পরিচর্যা করে। কোন ক্রিকেট খেলে না এবং ম্যাক্সিমাম ৪০ দিন ওরা একটা মাঠে ক্রিকেট খেলে। আমরা যদি এটা চিন্তা করি বিকেএসপিতে, আমরা আপনাদের দেখিয়েছি, গতবছর ১৮০ দিনের মতো ক্রিকেট খেলেছি। এই জায়গটাতে আমাদের মাঠের প্রয়োজনীয়তা আছে আমরা বুঝি। আপনারা জানেন, একটা কমিটি হয়েছে, যাদের নিয়ে এরই মধ্যে বেশ কিছু নতুন মাঠ ক্রয়ের ব্যাপারে আমরা অগ্রসর হয়েছি।’
বাংলাদেশের উইকেটের এমন অবস্থার কারণ ব্যাখ্যা করলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। উইকেটের উপর ব্যস্ততা কমাতে বেশ কিছু উদ্যোগ রয়েছে তাদের।
মাহবুব আনাম বলেন, ‘যে মাঠে আন্তর্জাতিক বা ঘরোয়া খেলা হচ্ছে, সে মাঠে কোন ধরণের অনুশীলন হয় না। এতে করে মাঠগুলো পরিচর্যায় ভালো রাখা যায়। আমাদের একটা ভারসাম্যে আনতে হবে। সে অবস্থায় এখনো নেই। একদম হুবহু কোন দেশের উইকেট কপি করা সম্ভব না। এটা আপনারা জানেন যে, গ্লোবাল ক্রিকেট একাডেমি ট্রাইড সয়েল ফ্রম আদার কান্ট্রি। সয়েলের সঙ্গে ওয়েদার কন্ডিশনও ম্যাটার করে। একটা জিনিস আমরা এখান থেকে উপলব্ধি করতে পারলাম, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব, যদি উইকেটে ভালো ঘাস লাগানো যায়।’
আরও পড়ুন:জয়ের অভ্যাস করার পক্ষে সোহান
দেশের বেশ কয়েকটি স্টেডিয়াম পরিদর্শন করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট ইয়ান জোসেফ ম্যাকেনড্রাই। সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট এই কিউই। উইকেটের মান উন্নয়নে পরামর্শ দিলেন বেশ কিছু।
তিনি বলেন, ‘আমি কয়েকটি স্টেডিয়াম দেখেছি, সেখানে ভালো সুযোগ সুবিধা আছে। মান ধরে রাখতে নিয়মিত পরিচর্যা করতে হবে। লোকাল কিউরেটরদের সঙ্গে কথা বলেছি, ওরা দারুণ আগ্রহী জানার জন্য। আমার মনে হয়, ট্রু উইকেট পেতে হলে আপনাদের বিশেষ কিছু পরিকল্পনা নিতে হবে।’
কিউরেটরদের নিয়ে কর্মশালা নিয়মিত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
]]>




