মায়ের সামনে পানিতে ডুবে ছেলের মৃত্যু
<![CDATA[
জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মায়ের সামনেই প্রাণ গেল নৌবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া হাছান মিয়া (১৮) নামের এক সৈনিকের।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার জানায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র হাছান মিয়ার নৌ বাহিনীতে চাকরি হয়। আগামী ২৭ ডিসেম্বর তার নৌ বাহিনীর প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল। প্রশিক্ষণে যাওয়ার পাঁচদিন আগে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া গ্রামে মা হাওয়া বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসেন তিনি। চার থেকে পাঁচদিন দিন ধরেই হাছান তার মাকে সঙ্গে নিয়ে ডোবায় নানা আবু হানিফার সঙ্গে সাঁতার শিখছিল। দুপুরেও নানা আবু হানিফার সঙ্গে সাঁতার শিখতে গিয়ে হঠাৎ ডুবে যায়। দীর্ঘ সময় ডুবে থাকায় তার মা হাওয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। পরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
হাছান মিয়ার নানা আবু হানিফা জানান, হাছান কয়েক দিন আগে নৌ বাহিনীতে সৈনিক পদে নিয়োগ পেয়েছে। আগামী ২৭ ডিসেম্বর তার প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল। প্রশিক্ষণে যাওয়ার আগে নিজেকে তৈরি করতে নিয়োগের পর থেকেই কয়েক দিন ধরে সাঁতার শিখছিল। আমার সঙ্গে সাঁতার শিখবে বলেই এখানে এসেছিল। প্রতিদিনের মতো আমার সঙ্গে সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি পর হাছানকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাব্বত কবীর হাছানের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তার পরিবারের পক্ষ থেকে আইনি কোনো পদক্ষেপ নেয়নি।
]]>




