মিশরের চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
<![CDATA[
ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত-বর্ষা। সম্প্রতি মালয়েশিয়াতে তাদের অভিনীত ‘দিন-দ্য ডে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। মালয়েশিয়া থেকে ফিরে সপরিবারে দুবাই গিয়েছিলেন তারা।
এবার মিশরের ৩৮তম আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন এ জুটি। আমন্ত্রিত অতিথি হিসেবে উৎসবে যোগ দিচ্ছেন অনন্ত-বর্ষা। ৫ থেকে ১০ অক্টোবর কায়রোরে বসবে উৎসবের আয়োজন।
উৎসবে অংশ নিতে ৪ অক্টোবর ঢাকা ত্যাগ করেছেন অনন্ত-বর্ষা। উড়ালের আগে এক ভিডিও বার্তায় বর্ষা বলেন, ‘আশা করি সবাই অনেক ভালো আছে। বাংলাদেশ থেকে এই প্রথম মিশরের চলচ্চিত্র উৎসব থেকে আমন্ত্রণ পেয়েছে। আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অনন্ত জলিল বলেন, ‘আমরা চাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সিনেমা পৌঁছে দিতে। মালয়েশিয়াতে আমাদের সিনেমা সফলতা পেয়েছে, এটি আপনারা দেখেছেন। মিশরের বেশ কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালকদের সঙ্গে বৈঠকের কথা আছে। তাদের সঙ্গে কোনো কাজের পরিকল্পনাও হতে পারে। দোয়া করবেন আমাদের জন্য। মিশর থেকে আমন্ত্রণ, সত্যি একটি বড় পাওয়া।’
আরও পড়ুন: ‘সাংবাদিকদের জন্যই আমি মাহিয়া মাহি’
এর আগে, ৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন অনন্ত-বর্ষা। তাদের অভিনীত দুটি সিনেমার ট্রেলার প্রদর্শন করেছিলেন সেখানে। উৎসবে আফ্রিকার প্যাভিলিয়নে ‘দিন-দ্য ডে’ ও ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার ট্রেলার ও গান প্রদর্শন করেছেন তারা।
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনা নির্মিত হয়েছিল ‘দিন-দ্য ডে’। ঈদে দেশে মুক্তির পর বেশ আলোড়ন তুলেছিল সিনেমাটি। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে এ জুটির সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। সিনেমার প্রায় অংশের কাজ শেষ, বাকি কাজগুলো শিগগিরই হওয়ার কথা রয়েছে।
]]>




