মেঘনায় গোসলে নেমে ২ ছাত্র নিখোঁজ
<![CDATA[
নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে পিকনিকে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। তবে তাদের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজদের উদ্ধারে নরসিংদীর নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে।
নিখোঁজরা হলেন পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের পত্রিকার এজেন্ট আজিজুল হকের ছেলে মো. গালিব মিয়া (১৫) এবং রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাফফুজ (১৭)। তারা উভয়েই সদর উপজেলা ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী এবং উভয় কুরআনে হাফেজ।
জানা যায়, মাদ্রাসার বার্ষিক পিকনিকে অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই মাদ্রাসা থেকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। বিকালে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামলে শিক্ষকসহ বাকি ৩০ জনকে খুঁজে পাওয়া গেলেও অনেক খুঁজাখুঁজির পর ভুক্তভোগীদের আর খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধারে আরেক বন্ধু নিখোঁজ
খবর পেয়ে সদরের করিমপুর নৌপুলিশ ঘটনাস্থলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। এদিকে নরসিংদীতে ডুবুরি দল না থাকায় রাত ৯টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।
নরসিংদী করিমপুর নৌপুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নরসিংদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি না থাকায় এবং রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার ঢাকা থেকে ডুবুরি দল আসার পর আবারও উদ্ধার কাজ শুরু হবে।
]]>




