মোহামেডানকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা
<![CDATA[
স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। শনিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। গোল দুটি করেন রাকিব হোসেন ও রবসন রোবিনহো।
ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রিমনের লম্বা ক্রস জায়গা ছেড়ে ফেরাতে আসেন মোহামেডান গোলরক্ষক হাবিব বিপু। কিন্তু গ্লাভসে আটকাতে না পারায় বল পেয়ে যান রাকিব হোসেন। ফাঁকা পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন রাকিব।
প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি কিংস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রচেষ্টা চালায় মোহামেডান। দ্বিতীয়ার্ধে মোহামেডান ভালো খেলেও কোনো গোলের দেখা পায়নি। কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি সাদা-কালোরা। উল্টো গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রোবিনহো। ডরিয়েলটনের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সের বাইরে থেকে নেয়া শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার ম্যাচের জয়ী দল।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারানোয় সৌদির খেলোয়াড়রা কি রোলস রয়েস পাচ্ছেন?
এবারের স্বাধীনতা কাপ কুমিল্লা, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
দেশের ফুটবল লিগের প্রথম ঘরোয়া আসরে মূলপর্ব গত ১৩ নভেম্বর মুন্সীগঞ্জ স্টেডিয়াম থেকে শুরু হয়েছে। বিপিএল ফুটবলের পর স্বাধীনতা কাপের এই আসর নিয়ে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের মধ্যে একটি বিশেষ আনন্দ উৎসব লক্ষ করা যাচ্ছে। এরই মধ্যে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ৯টি ম্যাচ হয়েছে। আগামী ৩০ নভেম্বর এবং ৪ ডিসেম্বরে এই মাঠে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পোল্যান্ডকে মেসিদের পরিণতি উপহার দিতে চায় সৌদি
প্রিমিয়ার লিগের ১১টি দল সরাসরি মূল পর্বে খেলছে। বাকি ৫টি দল বাছাই পর্বের মাধ্যমে জয়ী হয়ে এসেছে। এবারের স্বাধীনতা কাপে ৪টি গ্রুপে মোট ১৬টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো: এ গ্রুপ: মোহামেডান স্পোটিং ক্লাব, শেখ রাসেল ক্লাব, ফর্টিজ ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী। বি গ্রুপ: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, আজিমপুর ক্লাব ও ইয়ংমেন্স ক্লাব। সি গ্রুপ: আবাহনী ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব, বিমানবাহিনী ক্লাব ও উত্তরা ফুটবল একাডেমি। ডি গ্রুপ: শেখ জামাল ক্লাব, বাংলাদেশ পুলিশ এফসি, রহমতগঞ্জ ও বাফুফে একাডেমি।
]]>




