ম্যাচের আগে যেমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনার গ্রুপ
<![CDATA[
বিশ্বকাপ শুরুর আগে কেউ হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি গ্রুপপর্বের শেষ ম্যাচে এসে এত অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে থাকবে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে এক হারে বদলে গেছে গ্রুপ ‘সি’-র সমীকরণ। শেষ ম্যাচে এসেও এখনও অঙ্ক মেলেনি কোনো দলেরই। শেষ ষোলোর লড়াইয়ে টিকে আছে গ্রুপের চার দলই। শেষ দিনের লড়াইয়েই নিশ্চিত হবে, কারা যাচ্ছে পরের রাউন্ডে।
কাতার বিশ্বকাপে খাটছে না ফেবারিট তত্ত্ব। একের পর এক অঘটন ঘটে চলেছে। তথাকথিত ছোট দলগুলো দারুণ লড়াই করেছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। এর মধ্যে সবচেয়ে বড় অঘটন ঘটেছে গ্রুপ ‘সি’-তে। র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরবের কাছে হেরে গেছে ফেবারিট আর্জেন্টিনা। যে হারের কারণে লিওনেল মেসিরা আছে বাদ পড়ার শঙ্কায়। অথচ টুর্নামেন্ট শুরুর আগে অধিকাংশের মত ছিল, সহজে গ্রুপপর্ব পার হবে আর্জেন্টিনা।
শেষ ম্যাচের আগে গ্রুপ ‘সি’-র অবস্থা: বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে গ্রুপ ‘সি’-র দলগুলো। আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। অপর ম্যাচে মেক্সিকো লড়াই করবে সৌদি আরবের বিপক্ষে।
আরও পড়ুন:আর্জেন্টিনা বনাম পোল্যান্ড: পরিসংখ্যানে এগিয়ে কে?
দুই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। তাদের গোল ব্যবধান +২। পয়েন্ট তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। দুই ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট লিওনেল মেসিদের। তাদের গোল ব্যবধান +১।
তিন নম্বরে থাকা সৌদি আরবেরও ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট। কিন্তু গোল বেশি খাওয়ায় আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে তারা। তাদের গোল ব্যবধান -১। দুই ম্যাচে ১ ড্র ও ১ হারে ১ পয়েন্ট নিয়ে তলানিতে মেক্সিকো। এখনও কোনো গোল করতে না পারা মেক্সিকোর গোল ব্যবধান-২।
শেষ ষোলোর সমীকরণ: গ্রুপ ‘সি’ থেকে পরের রাউন্ডে যাওয়ার পথটা এখনও চারদলের জন্যই উন্মুক্ত। শেষ দিনের ম্যাচের ফলে নির্ধারিত হবে কোন দুই দল যাবে পরের পর্বে। সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপও নির্ধারিত হবে এই ম্যাচেই। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোল্যান্ড যেমন বাদ পড়তে পারে আজ, তেমনি একদম তলানিতে থাকা মেক্সিকোর সামনেও আছে সুযোগ।
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ যদি ড্র হয়, তবে কোনো ধরনের সমীকরণের দিকে চেয়ে না থেকেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। সে ক্ষেত্রে সৌদি আরব যদি মেক্সিকোকে হারাতে না পারে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় পা রাখবে পোল্যান্ড। তবে পোল্যান্ড যদি আর্জেন্টিনার কাছে হেরে যায় এবং সৌদি আরব মেক্সিকোকে হারিয়ে দেয়, তবে বিদায় নিতে হবে রবার্ট লেভানদোভস্কিদের। আর পোল্যান্ড জয় পেলে দরকার পড়ছে না কোনো সমীকরণের দিকে তাকানোর।
আরও পড়ুন:নকআউট পর্বের অঙ্ক মিলবে আর্জেন্টিনার?
যদি আর্জেন্টিনা এ ম্যাচে জয় পায় এবং সৌদি আরব তিন বা ততোধিক গোলের ব্যবধানে মেক্সিকোকে হারাতে না পারে তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে পা রাখবে আর্জেন্টিনা। যদি পোল্যান্ডের কাছে হেরে যায়, তবে গ্রুপপর্ব থেকেও বিশ্বকাপ শেষ হয়ে যাবে লিওনেল মেসির দলের। তবে ড্র হলে বেঁচে থাকবে সম্ভাবনা। সে ক্ষেত্রে সৌদি আরব-মেক্সিকো ম্যাচটি হয় ড্র হতে হবে নতুবা মেক্সিকোর বিপক্ষে সৌদি আরবকে তিন বা ততোধিক গোলের ব্যবধানে হারতে হবে।
সুযোগ থাকছে সৌদি আরব আর মেক্সিকোরও। মেক্সিকোকে হারালেই শেষ ষোলো নিশ্চিত সৌদি আরবের। হারলে নিতে হবে বিদায়। ড্র করলেও সুযোগ থাকবে, সে ক্ষেত্রে পোল্যান্ডের বিপক্ষে হারতে হবে আর্জেন্টিনাকে। আর এখন পর্যন্ত মাত্র এক পয়েন্ট মেক্সিকোর জন্য একটাই সুযোগ। এ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেতে হবে বড় জয়।
]]>




