যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী ট্যাটু সুমন অস্ত্রসহ গ্রেফতার
<![CDATA[
যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন ওরফে ট্যাটু সুমন ওরফে ইমনকে (২৭) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) ভোরে শহরের টিবি ক্লিনিকের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক সুমন যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার কানা বাবু ওরফে আফজালের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানার একটি টিম অভিযান চালিয়ে শহরের টিবি ক্লিনিকের পেছন থেকে সুমনকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
আরও পড়ুন: ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: পলাতক আসামি গ্রেফতার
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, সন্ত্রাসী ট্যাটু সুমনের বিরুদ্ধে দুটি চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।
তিনি আরও জানান, সুমন ও তার সহযোগীরা রেলগেট, রেলবাজার, ষষ্ঠীতলা ও আশ্রম এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে গণহারে চাঁদাবাজি করে থাকে। তারা বিভিন্ন রুটের ট্রেনে আসা যাত্রীদের টাকা, গহনা, মোবাইল ছিনতাই করে থাকে। তারা সবাই দুর্ধর্ষ সন্ত্রাসী ম্যানসেলের লোক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ করে। তাদের ভয়ে কেউ প্রশাসনের কাছে কোনো অভিযোগ করতে সাহস পায় না।
]]>




