যুবকের মরদেহ উদ্ধার, শরীরে ৩৫ ছুরিকাঘাতের চিহ্ন
<![CDATA[
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকা থেকে অন্তর (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ দুর্গের ফটক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অন্তর পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সদর উপজেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি।
পুলিশের সুরতহালে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ৩৫টি চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অন্তরের বন্ধু লাবিব মিয়া জানান, অন্তর ফতুল্লার মাসদাইর আল আমিন মসজিদের পাশের একটি গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্ত্রীর সঙ্গে তার বনিবনা হতো না। কিছুদিন আগে তার ডিভোর্স হয়ে যায়। সেই থেকে অন্তর মাসদাইর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে নিজের খরচ যোগাতেন।
আরও পড়ুন : ফতুল্লায় ২০ ঘণ্টার ব্যবধানে আবারো ছুরিকাঘাতে যুবক খুন
লাবিব বলেন, ‘সোমবার রাতে বন্ধু অন্তরের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। এরপর মঙ্গলবার অন্তরকে হত্যার খবর পেয়ে মর্গে গিয়ে লাশ দেখতে পাই। আমি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ৩৫টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
]]>




