রংপুরে ঘাঘট নদীতে মরদেহ উদ্ধার
<![CDATA[
রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে খায়রুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর এলাকায় কুড়ার পাড় সংলগ্ন ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খায়রুল ইসলাম পাশের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের বেদগাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘাঘট নদীর পাশের জমিতে কৃষকরা চাষাবাদের জন্য গেলে নদীর পানিতে একজনের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: নিখোঁজ মা-ছেলের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানায়, ভাংনী ইউনিয়নের ঘাঘট নদীটি পীরগাছা মিঠাপুকুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় দুর্বল প্রশাসনিক তৎপরতার সুযোগে জুয়া ও মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত এ এলাকা। নদীর পাড়ে নির্বিঘ্নে চলে জুয়া ও মাদক সেবন। জুয়াকে কেন্দ্র করে নিয়মিত মাদক সেবনকারী এ দিনমজুরকে হত্যা করা হয়েছে বলে তারা অনুমান করছে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শুকুর আলী জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে বোঝা যাবে, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
]]>




