রসিক নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
<![CDATA[
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে একজন এবং ৬ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নির্ধারিত দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অফিসে ৭ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে।
সন্ধ্যায় রসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাবুজ্জামান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে নির্বাচনে মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ১৭৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে ২৭৭ জন প্রার্থীর মধ্যে মেয়র পদ ছাড়া ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। পরে ওই ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন আপিল করেন। এর মধ্যে ২২ জন কাউন্সিলর প্রার্থী আপিলে গতকাল তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। মনোনয়ন সংগ্রহকারী ২৭৭ জনের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ২৬২ জন প্রার্থী বৈধতা পায়।
আরও পড়ুন: রংপুর সিটিতে নৌকার মাঝি ডালিয়া
বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের দিন মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউর জামান বাবুসহ ৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন।
]]>




