রাশফোর্ডের গোলের সেঞ্চুরি, দুই ধাপ এগোলো ম্যানইউ
<![CDATA[
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) শততম গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। তার একমাত্র গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়েছে রেড ডেভিলরা।
ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানইউ। ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যামের অবস্থান ১৩-তে।
২০১৬ সালে ১৮ বছর বয়সে ম্যানইউর মূল দলের হয়ে অভিষেক হয় রাশফোর্ডের। রেড ডেভিলদের হয়ে ৩১৮তম ম্যাচে এসে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন রাশফোর্ড। গোলের সেঞ্চুরি করে তিনি দলকেও মাতিয়েছেন জয়ের আনন্দে।
আরও পড়ুন: জিরোনার বিপক্ষে হোঁচট, রিয়ালকে চোখ রাঙাচ্ছে বার্সা
ম্যাচের শুরুর দিকে জোড়া সুযোগ মিসের পর ৩৮তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় ম্যানইউ। ডান দিক থেকে ক্রিস্টিয়ান এরিকসেনের বাড়ানো উঁচু শট দূরের পোস্টে থাকা রাশফোর্ড হেডের সাহায্যে জালে জড়ান। এগিয়ে আসায় লাফিয়েও বলের নাগাল পাননি ওয়েস্ট হ্যামের গোলরক্ষক।
রাশফোর্ডের ওই এক গোল ছাড়া ম্যানইউ খুব একটা তাদের আক্রমণে আধিপত্য দেখাতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদো এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেললেও খুব একটা সুবিধা করতে পারেননি। বরং দুর্বল শটে হতাশ করেছেন সমর্থকদের।
আরও পড়ুন: মেসি-নেইমার-এমবাপ্পে ম্যাজিকে জয় পিএসজির
ম্যাচের শেষ দিকে রেড ডেভিলদের হোঁচট খাওয়া থেকে বাঁচায় গোলরক্ষক দাভিদ দে হেয়া। ৮২ মিনিটে ওয়েস্ট হ্যামের কুর্ট জুমার হেড ডান দিক ঝাঁপিয়ে দলকে ঠেকিয়ে দেন তিনি। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। স্কট ম্যাকটমিনের ক্রসে বদলি নামা ফ্রেদের হেড বাধা পায় পোস্টে ।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত থাকল এরিক টেন হ্যাগের শিষ্যরা।
]]>




