রাসিক মেয়রকে অশালীন চিঠি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে শোকজ
<![CDATA[
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র (রাসিক) ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে শালীনতাবিবর্জিত চিঠি লেখায় রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমানকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২২ সেপ্টেম্বর শোকজ চিঠিটি দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ।
চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান সিটি করপোরেশনের মেয়রকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন। যা নিম্নরূপ: ‘আপনার সঙ্গে আমাকে দেখা করার জন্য গেটে অপেক্ষা করতে হবে, আপনার কাছে সময় চাইতে হবে? বিষয়টি কল্পনা করা আমার জন্য দুরূহ। আপনি জানেন কি আমার শাশুড়ি এমপি। আমার আওয়ামী পরিবারে জন্ম। ভবিষ্যতে আমিও এমপি বা মন্ত্রী হতে পারি। গাজীপুরের ও কাটাখালির মেয়রদের দিকে তাকান। বর্তমানে তাদের কী অবস্থা।’
শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠিতে চেয়ারম্যান হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে আরও বলা হয়, একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে রাষ্ট্রীয় মর্যাদার প্রতি উদাসীন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর পরিপন্থি।
আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচন: রাসিক মেয়রকে সতর্ক করে চিঠি
এ অবস্থায় চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘আমি এ ধরনের কোনো চিঠি মেয়রকে দিইনি। চিঠিটি কীভাবে গেল তা আমি জানি না। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের শোকজ নোটিশটিও আমি হাতে পাইনি।’
]]>




