রিজওয়ানকে সরিয়ে শীর্ষে সূর্যকুমার
<![CDATA[
অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুমিতভাবেই জ্বলে উঠেছেন সূর্যকুমার যাদব। ব্যাটে তার দুপুরের রোদের মতো হাসছে রান। তাতে আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এ মারকুটে ব্যাটারকে জায়গা ছেড়ে দিতে বাধ্য হলেন এতদিন শীর্ষে থাকা পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
প্রায় দুই মাস টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার পর রাজত্ব শেষ হল মোহাম্মদ রিজওয়ানের। সবশেষ এশিয়া কাপের সময় শীর্ষে ওঠা রিজওয়ানকে সরিয়ে র্যাঙ্কিয়ের ১ নম্বরে বসেছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ব্যাটে রানের ফুলঝুরি ছুটছে সূর্যকুমারের। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৫ রানে আউট হয়ে গেলেও পরের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকিয়েছেন অর্ধশতক। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৫১ রানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৬৮।
আরও পড়ুন:যে রেকর্ড গড়লেন রোহিত-সূর্যকুমার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থের পেসস্বর্গে ভারতের বাকি ব্যাটাররা যখন ব্যর্থ তখনও ব্যাট হাতে দুর্বার ছিলেন সূর্য। ৪০ বলে খেলেছেন ৬৮ রানের ইনিংস। তার ব্যাটিং দেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক তাকে ‘বর্তমানে মিডল অর্ডারের সেরা’ বলে মন্তব্য করেন।
সকল কন্ডিশন ও প্রতিপক্ষের বিপক্ষে সফল সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৮৬৩। অন্যদিকে দুইয়ে নেমে যাওয়া রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮৪২।
গত বছর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সূর্যকুমার এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৪০.৬৫ গড়ে করেছেন ১১৭৯ রান। ১১টি অর্ধশতকের পাশাপাশি করেছেন ১টি শতক।
এদিকে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও নিউজিল্যান্ডের গলেন ফিলিপস। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো রুশো ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলা ফিলিপস পাঁচ ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে।
অন্যদিকে, বিশ্বকাপে রিজওয়ান পাচ্ছেন না আশানুরূপ রান। ৩ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা ৪৯ রানের ইনিংসটিই সর্বোচ্চ।
]]>




