রিয়াল শিবিরে দুঃসংবাদ
<![CDATA[
ঊরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। বুধবার (৭ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, বেনজেমার চোট ‘গুরুতর’ কিছু নয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে পরীক্ষায় ফরাসি তারকার ডান ঊরুর মাংসপেশিতে চোট ধরা পড়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় রিয়াল-ম্যানসিটির
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন বেনজেমা। ২৯তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
এদিকে কতদিন বেনজেমাকে মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে রিয়ালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, আগামী ২ অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না ফরাসি এই স্ট্রাইকার।
এই সময়ে লা লিগায় রিয়ালের ম্যাচ আছে মায়োর্কা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলবে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে। এই তিন ম্যাচে যে বেনজেমাকে পাওয়া যাবেনা তা নিশ্চিত।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ শেষ পগবার!
বেনজেমার চোট ফ্রান্সের জন্যও বড় ধাক্কা। এই মাসের শেষ দিকে নেশন্স লিগে অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচ আছে বিশ্ব চ্যাম্পিয়নদের।
]]>




