রূপায়ন গ্রুপের সংবর্ধনা পেল সাফজয়ী নারীরা
<![CDATA[
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকেই শুভেচ্ছায় ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। চতুর্দিক থেকে একের পর এক সংবর্ধনাও পাচ্ছেন সাবিনা-কৃষ্ণারা। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার সাফজয়ীদের সংবর্ধনা দিল রূপায়ন গ্রুপ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) উত্তরায় রূপায়ন সিটিতে ফুটবলারদের সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গাড়িতে চড়ে রূপায়ন সিটিতে পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী দল। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তাররা গাড়ি থেকে নামার পর প্রধান ফটক থেকে ইতিহাস গড়া নারী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেয় রূপায়ন গ্রুপ। সংবর্ধনার পাশাপাশি নারী দলকে ৩০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
আরও পড়ুন: সাফজয়ীদের সংবর্ধনা দিল বাংলাদেশ সেনাবাহিনী
সংবর্ধনা পেয়ে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, সাফের এই শিরোপা আমাদের জীবন পাল্টে দিয়েছে। সারা দেশের মানুষ আমাদেরকে এখন জয়ীতা হিসেবেই দেখছে। আমরা গর্বিত দেশের জন্য কিছু করতে পেরে। মারিয়া মান্ডা বলেন, এখন আমরা প্রতিদিনই দেশের মানুষের ভালবাসা পাচ্ছি। মনে হচ্ছে, আমরা দেশের জন্য কিছু করতে পেরেছি। আগামীতেও আমরা দেশের জন্য খেলবো, দেশের জন্য সম্মান বয়ে আনবো।
আরও পড়ুন: চট্টগ্রামে সংবর্ধনা পেলেন সাফজয়ী পাঁচ ফুটবলার
এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট বাংলাদেশ নারী ফুটবল দলকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়। বাংলাদেশ সেনাবাহিনী সম্মাননার পাশাপাশি ফুটবলারদের দেয় হয়েছে অর্থ পুরষ্কার। প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ ৫০ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ স্কোরার হওয়ায় সাবিনা পেয়েছেন দ্বিগুণ অর্থ। এছাড়াও কৃষ্ণা ও রূপনা চাকমা অতিরিক্ত দুই লাখ করে পেয়েছেন ফাইনালে সেরা গোলদাতা এবং সেরা গোলরক্ষকের পুরষ্কার হিসেবে।
]]>




