রেকর্ড গড়েও রোনালদো বললেন, অর্জন হয়নি কিছুই
<![CDATA[
স্টেডিয়াম ৯৭৪, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতের জন্য ইতিহাস হয়ে থাকবে। কারণ ঘানার বিপক্ষেই এই মাঠে গোল করে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার এমন অর্জনের রাতেও ম্যাচসেরা পুরস্কার পেয়ে জানিয়েছেন, এখনও কিছুই অর্জন হয়নি জেতে হবে বহুদূর।
কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল পর্তুগাল ও ঘানা। শক্তির বিচারে যোজন যোজনে এগিয়ে পর্তুগাল। তবে প্রথম হাফের খেলা দেখলে বোঝার কোন উপায় ছিল না। পর্তুগালের আক্রমণের জবাবটা তারাও সমানে সমানেই দিয়েছে। তবে দ্বিতীয়ার্ধে জমে উঠে ম্যাচ। দ্বিতীয়ার্ধে খেলার মাঝে ২৪ মিনিটের মধ্যে পাঁচ গোল করে দুই দল। যেখানে ৩-২ গোলে জয় পায় রোনালদোর পর্তুগাল।
এদিন পর্তুগালের হয়ে গোলের খাতা খুলেন রোনালদো। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গড়েন ইতিহাস। বনে যান ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি পাঁচ বিশ্বকাপে গোল পেয়েছেন। এমন এক রেকর্ডের দিন ম্যাচসেরাও হয়েছেন সিআর সেভেন। তবে ম্যাচসেরার পুরস্কার পেয়ে রোনালদো দলকে মনে করিয়ে দিলেন, এটি স্রেফ প্রথম পদক্ষেপ, যেতে হবে বহুদূর।
আরও পড়ুন: দ্বিতীয়ার্ধে গোলবন্যা, ঘানার বিপক্ষে জিতল রোনালদোর পর্তুগাল
ম্যাচের পর নিজের গোল করার মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রোনালদো লেখেন, ‘আমাদের বিশ্বকাপ অভিযানের শুরুতে খুব গুরুত্বপূর্ণ জয়। কিন্তু কিছুই অর্জন হয়নি! এটি কেবল প্রথম ধাপ। আমরা আমাদের লক্ষ্য অর্জনে মনোযোগী। এগিয়ে যাও পর্তুগাল।’
এদিকে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা সাংবাদিকদের সামনে ছোট্ট প্রতিক্রিয়ায় বলেন, রেকর্ড গড়তে পেরে গর্ব অনুভব করছেন তিনি। রোনালদো বলেন, ‘সুন্দর একটি মুহূর্ত, আমার পঞ্চম বিশ্বকাপ। আমরা জিতেছি। আমরা জানি, এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ।’
নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার (২৮ নভেম্বর) উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল।
]]>




