রোনালদোকে আর ক্লাবে ফিরতে দেবেন না কোচ!
<![CDATA[
ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদো অধ্যায়ের কি সমাপ্তি ঘটে গেল? তেমনটাই ইঙ্গিত দিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। খ্যাতিমান ব্রডকাস্টার পিয়ার্স মরগানকে দেওয়া রোনালদোর বিস্ফোরক সাক্ষাৎকারের প্রথম অংশ প্রকাশিত হওয়ায় চটেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। ক্লাবটির মালিকপক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পর আর ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোকে খেলতে দেওয়ার পক্ষে নন তিনি।
ইএসপিএন জানিয়েছে, রোনালদোর সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর সোমবার (১৪ নভেম্বর) কোচ এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের কো-চেয়ারম্যান জোয়েল গ্লেজার, চিফ এক্সিকিউটিভ রিচার্ড আর্নল্ড এবং ফুটবল ডিরেক্টর জন মুরতাঘের সঙ্গে জরুরি সভায় বসেন।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, রোনলাদো ক্লাবের সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছেন বলে টেন হ্যাগ মনে করেনএবং ইউনাইটেডের বসকে শ্রদ্ধা করেন না এটাও জানিয়েছেন। এ কারণে ইউনাইটেডের এ ডাচ কোচ ক্লাবটির নিয়ন্ত্রকদের জানিয়ে দিয়েছেন, পর্তুগালের এই আন্তর্জাতিক তারকাকে ফের স্কোয়াডে জায়গা দিয়ে তিনি দলের ঐক্য নষ্ট করতে ইচ্ছুক নন এবং এই তারকাকে দল ছাড়তে দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমনকি শীতকালীন দলবদলে তার কোনো বিকল্প দলে ভেড়ানোর সুযোগ না থাকলেও।
আরও পড়ুন:রোনালদোকে নিয়ে যে সিদ্ধান্ত নিল ম্যানইউ
এদিকে, ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড জানুয়ারির দলবদলের দরজা খুলে গেলেই রোনালদোর সঙ্গে চুক্তি বিচ্ছিন্নকরণের উপায় খুঁজছে।
ক্লাবটির সঙ্গে চুক্তি অনুযায়ী রোনালদো প্রতি সপ্তাহে ৫ লাখ ৬০ হাজার পাউন্ড বেতন পেয়ে থাকেন, যা তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়ে পরিণত করেছে। কিন্তু, এই মুহূর্তে তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই চুক্তি বাতিলের উপায় খুঁজছে। রোনালদোর সঙ্গে ক্লাবটির আগামী গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে।
]]>




